
গোঘাট: প্রয়াত হলেন গোঘাটের প্রাক্তন কংগ্রেস নেতা গোপাল মোহন চক্রবর্তী। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গোঘাটের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার তাঁর মরদেহ কামারপুকুরের লাহাবাজার এলাকায় ইন্দিরা মূর্তির কাছে নিয়ে আসা হয়। সেখানে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্বরা।
এ প্রসঙ্গে গোঘাট ২ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মোহর চাঁদ আহমেদ বলেন, “আমরা একজন শিক্ষক ও অভিভাবককে হারালাম। দেশের এই দুঃসময়ে তাঁর মতো মানুষকে পাশে পেলে আমরা আরও সমৃদ্ধ হতাম।”
গোপাল মোহন চক্রবর্তীর প্রয়াণে তাঁর রাজনৈতিক সহকর্মী, অনুরাগী ও পরিচিত মহলে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।


