
দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর আবারও নতুন উদ্যমে রাজা রামমোহন রায়ের মেলাকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই আজ রবিবার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় মেলাটিকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা, তার ঐতিহ্য ও গরিমা ফিরিয়ে আনা এবং আগামী দিনে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে মেলার আয়োজন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাজা রামমোহন রায়ের নাম ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই মেলা শুধু একটি উৎসব নয়, এলাকার ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন বন্ধ থাকার পর মেলাটিকে পুনরায় চালু করে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরার এই উদ্যোগকে ঘিরে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা।
সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় রাজা রামমোহন রায়ের মেলা আগামী দিনে আবারও তার পুরনো ঐতিহ্য ও জৌলুস ফিরে পাবে, এমনটাই আশা প্রকাশ করা হয়েছে।


