
আসানসোল: মাত্র এক টাকায় হেডফোন কেনার সুযোগ! আর সেই অফারকে ঘিরেই রবিবার সকালে ব্যাপক হুড়োহুড়ি শুরু হল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে।
গ্রাহকদের ভিড় সামলাতে শেষ পর্যন্ত দোকান বন্ধ করে দিতে বাধ্য হল খোশলা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ। অন্যদিকে, রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ট্রাফিক পুলিশ। রাস্তার পাশে বাইক রেখে যানজট সৃষ্টির অভিযোগে কয়েকজন গ্রাহককে জরিমানাও করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের প্রিয়া মোড় সংলগ্ন খোশলা ইলেকট্রনিক্সে রবিবার সকালে এক টাকায় হেডফোন বিক্রির বিশেষ অফার চালু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে দোকানের সামনে ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা। অফারের সুযোগ নিতে বহু মানুষ দোকানের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন।
দোকান খোলার পর একে একে গ্রাহকরা এক টাকায় হেডফোন কিনতে শুরু করতেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
কম দামে হেডফোন কেনার আশায় আরও অনেকে সেখানে জড়ো হওয়ায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এদিকে, দোকানের সামনে মানুষের জমায়েত ও রাস্তার পাশে বাইক রাখার কারণে নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ট্রাফিক পুলিশ। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি রাস্তার পাশে বাইক রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে কয়েকজন গ্রাহকের বিরুদ্ধে জরিমানার পদক্ষেপ করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অফারকে কেন্দ্র করে ভিড় সামলানোর জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। তবে এই বিষয়ে সংস্থার তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এক টাকার হেডফোনের অফার ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতিতে একদিকে যেমন ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, তেমনই অন্যদিকে যানজট ও বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। শেষ পর্যন্ত দোকান বন্ধ হয়ে যাওয়ায় অফারের সুযোগ নিতে আসা বহু গ্রাহককে হতাশ হয়ে ফিরে যেতে হয়।


