
নদিয়া: সাইবার অপরাধীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ করে দেওয়ার অভিযোগে বড়সড় পদক্ষেপ করল পুলিশ। সামান্য কমিশনের লোভে সাইবার প্রতারকদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার অভিযোগে ডেপুটি ম্যানেজার-সহ ব্যাঙ্কের আট কর্মীকে গ্রেফতার করল নদিয়ার তেহট্ট থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারণার কাজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগের তদন্তে নেমে তেহট্ট মহকুমার একাধিক থানা এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানে বেতাই ও নাজিরপুর এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে সাইবার অপরাধীদের সহযোগিতা করার অভিযোগ উঠেছে। ধৃত আটজন হলেন সমরজিৎ প্রামাণিক, জয়দেব দুর্লভ, তরুণ বিশ্বাস, প্রদীপ সরকার, পলাশ মণ্ডল, দেবাশীষ দালাল, বিষ্ণুদেব মণ্ডল ও দয়াময় রায়। বৃহস্পতিবার ধৃতদের তেহট্ট আদালতে হাজির করানো হয়। সাইবার অপরাধ দমনে বর্তমানে তৎপরতা বাড়িয়েছে পুলিশ প্রশাসন। সাইবার প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিযোগ, সামান্য কমিশনের বিনিময়ে কিছু অ্যাকাউন্ট সাইবার প্রতারকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেই সমস্ত ঘটনার তদন্তে নেমে এবার ব্যাঙ্ককর্মীদের গ্রেফতারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ায়।


