
বসিরহাট: কালীপুজোকে ঘিরে আলোর উৎসবে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত বসিরহাটের নবোদয় সংঘ। এ বার তাদের পুজোর ৭০তম বর্ষ। আর এই বিশেষ বছরকে স্মরণীয় করে তুলতে মণ্ডপসজ্জায় থাকছে পাহাড়ি পরিবেশের ছোঁয়া, কেদারনাথের আবহ এবং শিবের তাণ্ডবলীলা। তার সঙ্গে আধুনিক প্রযুক্তির লেজার শো—সব মিলিয়ে দর্শনার্থীদের সামনে অভিনব উপস্থাপনা তুলে ধরতে চাইছেন পুজো উদ্যোক্তারা।
পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা। মণ্ডপে পাহাড়ের দৃশ্য ফুটিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে কাঠের প্লাইউড ও বাঁশের কাঠামো। সেই পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হচ্ছে আলোকসজ্জা। বিশেষ আলো ও লেজারের মাধ্যমে শিবের তাণ্ডবলীলা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। ফলে মণ্ডপে প্রবেশ করলে দর্শনার্থীরা যেন কেদারনাথের এক আবহ অনুভব করতে পারেন, সেই চেষ্টাই করছেন শিল্পীরা।
উদ্যোক্তা তাপস কুমার বসু, কল্যাণ বসু ও অশোক ঘোষ জানান, প্রতি বছর নিজেদের উদ্যোগে এবং সঞ্চিত অর্থের সাহায্যে নতুন ভাবনা নিয়ে পুজোর আয়োজন করে নবোদয় সংঘ। দর্শকদের সামনে ব্যতিক্রমী কিছু তুলে ধরাই তাঁদের লক্ষ্য। পুজোর আয়োজনের পাশাপাশি সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত থাকেন ক্লাবের সদস্যরা।

এ বারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান তাঁরা। উদ্যোক্তাদের আশা, বসিরহাটের পাশাপাশি সীমান্তবর্তী এলাকা এবং সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ এই বিশেষ আলোকসজ্জা ও লেজার শো দেখতে আসবেন।
দীপাবলির আগে থেকেই উৎসবের প্রস্তুতিতে সেজে উঠছে বসিরহাট। নবোদয় সংঘের ৭০তম বর্ষের এই আয়োজন শেষ পর্যন্ত দর্শনার্থীদের কতটা আকর্ষণ করে, এখন সেদিকেই নজর পুজোপ্রেমীদের।


