
ধুবড়ি: অসমে বাল্যবিবাহের বিরুদ্ধে ফের কড়া অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ। এই অভিযানে ধুবড়ি জেলার ন’টি থানা এলাকা থেকে মোট ৬৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে বাল্যবিবাহে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের পাশাপাশি তাঁদের বাবা-মা ও অভিভাবকরাও রয়েছেন।
জানা গিয়েছে, বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্যজুড়ে নতুন করে অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে ধুবড়ি জেলা পুলিশের তরফে ন’টি থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। সেই অভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে কার বিরুদ্ধে কী ধরনের নির্দিষ্ট অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
অন্যদিকে, বুধবার সমাজমাধ্যমে করা এক পোস্টে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সমাজমাধ্যমে জানিয়েছেন, রাজ্যজুড়ে এই অভিযানে ওই দিন বিকেল ৫টা পর্যন্ত মোট ৫২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বাল্যবিবাহের অভিযোগে ৪৪১টি মামলা দায়ের হয়েছে।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে স্পষ্ট জানিয়েছেন, এই অপরাধে জড়িত কাউকেই রেয়াত করা হবে না। বাল্যবিবাহমুক্ত অসম গড়ে তোলার লক্ষ্যেই রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে যাবে বলেও বার্তা দিয়েছেন তিনি।
ধুবড়িতে ৬৩ জনকে আটকের ঘটনা এবং রাজ্যজুড়ে গ্রেফতার ও মামলার পরিসংখ্যান—সব মিলিয়ে অসমে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের ইঙ্গিত মিলছে।


