
অমরাবতী: অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কাকিনাড়ার কাছে ইয়ানামের সংলগ্ন উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে ঘূর্ণিঝড়টি। রাজ্য প্রশাসনের আধিকারিকেরা মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডুকে এই পরিস্থিতির কথা জানিয়েছেন। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির উপর নিয়মিত নজর রাখছেন মুখ্যমন্ত্রী।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের (সিএমও) তরফে জানানো হয়েছে, আধিকারিকদের প্রাথমিক অনুমান অনুযায়ী, ভোর ৪টের মধ্যে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তবে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার পরেও বৃষ্টি ও জোরালো হাওয়া অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে এমন এলাকার বাসিন্দাদের উপকূল অতিক্রমের সময় বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলিতে অপ্রয়োজনীয় যাতায়াত আপাতত স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করছে প্রশাসন।
এদিকে, কোনাসীমা জেলার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করছেন জেলাশাসক ড. আর. মহেশ কুমার। ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা পর্যালোচনা করে সংশ্লিষ্ট আধিকারিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোই প্রশাসনের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।


