
নদিয়া: বাড়িতে নিত্যদিন অশান্তি। রাতভর চলত ঝগড়া, সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ। সেই ঘটনার প্রতিবাদ করায় বৌমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে ধুবুলিয়া থানার পুলিশ।
ঘটনাটি নদিয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত তাতলা রেলগেট এলাকার। আক্রান্ত গৃহবধূর নাম শিউলি বিশ্বাস। অভিযুক্ত শ্বশুর সুরেন বিশ্বাসের বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর।
মঙ্গলবার রাতে আক্রান্তের স্বামী শিশির বিশ্বাসের অভিযোগ করেন, তাঁর বাবা সুরেন বিশ্বাস দীর্ঘদিন ধরেই তাঁর মায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি করতেন। রাতভর চলত ঝগড়া ও অকথ্য ভাষায় গালিগালাজ। বাবাকে একাধিকবার এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন তিনি। শিশিরের দাবি, তাঁর বাবা দীর্ঘদিন ধরেই কাজকর্ম বন্ধ করে দিয়েছিলেন। সংসারের দায়িত্ব সামলাতে তাঁকে মাত্র ১২ বছর বয়স থেকেই কাজ শুরু করতে হয়।
শিশিরের বক্তব্য, তাঁর দুই ছেলে। বড় ছেলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে, ছোট ছেলে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। বাড়িতে বড় হয়ে ওঠা ছেলেদের সামনে এ ধরনের অশালীন ভাষা ব্যবহার করা হলে তাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। সেই কারণেই তাঁর স্ত্রী শিউলি মাঝেমধ্যে শ্বশুরের আচরণের প্রতিবাদ করতেন।
অভিযোগ, মঙ্গলবার সকাল প্রায় ১০টা নাগাদ শিউলি বাড়িতে মাছ কাটছিলেন। সেই সময় পিছন থেকে ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালান অভিযুক্ত শশুর সুরেন বিশ্বাস। এলোপাতাড়ি কোপে গুরুতর জখম হন শিউলি। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার সময় বাড়িতে ছিলেন না শিশির। তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন বলে জানিয়েছেন। রাতে সাংবাদিকের মুখোমুখি হয়ে শিশির অভিযোগ করেন, পারিবারিক অশান্তির প্রতিবাদ করায় তাঁর স্ত্রীর উপর এই হামলা চালানো হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ছেলে পড়াশোনা করে বাড়ি ফেরার পর তিনি ঘটনার কথা জানতে পারেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধুবুলিয়া থানার পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুরেন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক অশান্তির প্রতিবাদই এই হামলার কারণ, নাকি এর পিছনে অন্য কোনও বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।


