
বাঁকুড়া:দুর্গাপুজোর প্রতিমা বিসর্জন হয়েছে। উৎসবের রেশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। কিন্তু বাঁকুড়ার শুশুনিয়া গ্রামে ছবিটা কিছুটা আলাদা। পুজো শেষ হলেও সেখানে আনন্দের পর্ব এখনও ফুরোয়নি। দ্বাদশী থেকে শুরু হয়েছে গ্রামের বহু পুরনো লোকসংস্কৃতির উৎসব ‘সংশিল্প’। ছদ্মবেশ, কৌতুকাভিনয়, ব্যঙ্গ আর সৃজনশীলতার মেলবন্ধনে সন্ধ্যা নামতেই জমে উঠছে গ্রামের সাতটি পাড়া।
কী এই সংশিল্প?
পরিচিত মানুষ, নানা সামাজিক চরিত্র কিংবা দৈনন্দিন জীবনের ঘটনাকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরাই এই শিল্পের মূল বৈশিষ্ট্য। কেউ মজার সাজে দর্শকদের হাসিয়ে মাতিয়ে তোলেন, কেউ আবার কৌতুক ও ব্যঙ্গের আড়ালে সমাজের নানা দিক তুলে ধরেন। শুশুনিয়ায় এই আয়োজন নিছক বিনোদন নয়, গ্রামের মানুষের সাংস্কৃতিক পরিচয় ও পারস্পরিক বন্ধনেরও এক গুরুত্বপূর্ণ অংশ।
এই উৎসবের বিশেষত্ব, এর জন্য আলাদা কোনও বড় মঞ্চের প্রয়োজন হয় না। গ্রামের সাতটি পাড়ায় নির্দিষ্ট জায়গায় আলো জ্বেলে তৈরি করা হয় অভিনয়ের পরিবেশ। রাস্তার মধ্যেই ছোট-বড় শিল্পীরা নিজেদের প্রতিভা তুলে ধরেন। সন্ধ্যা গড়াতেই দর্শকদের ভিড়ে মুখর হয়ে ওঠে পাড়াগুলি। প্রতিটি পাড়ায় থাকেন বিচারক। তাঁদের দেওয়া নম্বরের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয় এবং সেই অনুযায়ী পুরস্কার দেওয়া হয়। ফলে উৎসবের আনন্দের পাশাপাশি শিল্পীদের মধ্যে তৈরি হয় সুস্থ প্রতিযোগিতার আবহ।
শুশুনিয়ার এই ঐতিহ্যের সূচনা হয়েছিল ১৯৬৩ সালে। প্রবীণ সং-শিল্পী তপন কর্মকারের স্মৃতিতে এখনও উজ্জ্বল সেই শুরুর দিনগুলি। তাঁর কথায়, ১৯৬৩ সালে তিনি যখন দশম শ্রেণির ছাত্র, তখন কয়েকজনের উদ্যোগে গ্রামে সংশিল্পের সূচনা হয়। সময়ের সঙ্গে বদলেছে আয়োজন, বদলেছে শিল্পীদের প্রজন্ম। বয়সের ভারে এখন আর আগের মতো অভিনয় করতে পারেন না তিনি। তবে নিজেদের হাতে শুরু করা সেই সাংস্কৃতিক পরম্পরা আজও টিকে রয়েছে দেখে তাঁর আনন্দের শেষ নেই।
প্রবীণদের সেই উদ্যোগ ও নিষ্ঠার ধারাই এখন বহন করছেন গ্রামের নতুন প্রজন্মের শিল্পীরা। তাঁদের অংশগ্রহণেই বছরের পর বছর ধরে বেঁচে রয়েছে এই লোকশিল্প।
শুশুনিয়ার সং-শিল্পী জয়প্রকাশ মণ্ডল জানান, আগে দুর্গাপুজোর পাঁচ দিনের উৎসবের পর একাদশী থেকেই সংশিল্প বা কৌতুকাভিনয়ের আসর বসত। বর্তমানে অবশ্য দ্বাদশীর পরের দিন থেকেও অনুষ্ঠান শুরু হচ্ছে। গ্রামের ছেলেরাই মূলত বিভিন্ন চরিত্রে সেজে অভিনয় করেন। তবে এই শিল্পকে আরও সমৃদ্ধ করতে মেয়েদেরও এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বাংলার লোকসংস্কৃতিতে সং বা ছদ্মবেশে কৌতুকাভিনয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। চড়ক ও গাজন উৎসবের সঙ্গেও এই শিল্পের ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। তবে শুশুনিয়ার সংশিল্পের নিজস্ব পরিচয় তৈরি হয়েছে গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে। পেশাদার মঞ্চ বা বড়সড় আয়োজনের উপর নির্ভর না করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই উৎসবের প্রাণ।
প্রবীণদের অভিজ্ঞতা, নতুন প্রজন্মের উৎসাহ এবং গ্রামের মানুষের পারস্পরিক সহযোগিতায় ছয় দশকেরও বেশি সময় ধরে টিকে রয়েছে শুশুনিয়ার সংশিল্প। দুর্গাপুজোর আনন্দ শেষ হলেও এই লোকঐতিহ্য যেন গ্রামবাসীদের জন্য উৎসবের আরও কয়েকটি দিন উপহার দেয়।


