
দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় অর্ণবের সম্ভাব্য প্রভাব এবং পূর্ণিমার ভরা কটাল দুইয়ের আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করল প্রশাসন। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা জারির পর মঙ্গলবার সকাল পর্যন্ত সুন্দরবন ও জেলার উপকূলবর্তী এলাকায় দুর্যোগের সরাসরি প্রভাব দেখা যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি বজায় রাখা হয়েছে।
প্রশাসনের আশঙ্কা, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পাশাপাশি নিম্নচাপ এবং ভরা কটালের কারণে নদী ও সমুদ্রের জলস্তর বাড়তে পারে। তৈরি হতে পারে জলোচ্ছ্বাসের পরিস্থিতিও। এই আশঙ্কায় পাথরপ্রতিমা, সাগর ও নামখানা-সহ উপকূলবর্তী বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।
মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে বিশেষ নির্দেশ। নদী ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। সম্ভাব্য দুর্যোগের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে তাঁদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে পাথরপ্রতিমা, গঙ্গাসাগর, বকখালি ও মৌসুনিতে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন রাখা হয়েছে। সুন্দরবনের সমস্ত ব্লক প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা।
সকাল পর্যন্ত দুর্যোগের কোনও প্রভাব না পড়লেও আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী এলাকায় প্রচার চালানোর পাশাপাশি প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। বাসিন্দাদেরও সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।


