
নাগপুর: মহারাষ্ট্র বিধান পরিষদের নাগপুর বিভাগ স্নাতক নির্বাচনী কেন্দ্রের নির্বাচনে শুক্রবার নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ী। নাগপুরের মহল এলাকার নিউ ইংলিশ হাইস্কুলে ভোট দেন তিনি।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গডকড়ী বলেন, এই নির্বাচন শিক্ষিত ও সচেতন ভোটারদের মনোভাবের প্রতিফলন। তাঁর দাবি, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তার পূর্বসূরি ভারতীয় জনসংঘ ঐতিহাসিকভাবে এই নির্বাচনী কেন্দ্রে ভোটারদের সমর্থন পেয়ে এসেছে। দলের আদর্শের প্রতি ভোটারদের সমর্থন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিজেপি প্রার্থী সুধাকর কোহলের জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে গডকড়ী বলেন, এবার এই আসন পুনরুদ্ধার করবে বিজেপি। ভোটগণনার প্রথম পর্যায়েই জয়ের বিষয়ে আশাবাদী বলেও জানান তিনি।
নাগপুর বিভাগ স্নাতক নির্বাচনী কেন্দ্রে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণের নির্ধারিত সময়। এই কেন্দ্রে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির সুধাকর কোহলে এবং কংগ্রেসের বর্তমান বিধান পরিষদ সদস্য অভিজিৎ ওয়ানজারি। ভোটগণনা হবে ২৭ অক্টোবর।


