E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

আন্তর্জাতিক দাবাড়ুদের টেক্কা দিয়ে নজর কাড়ল ১১ বছরের মনোস্কাম, জলপাইগুড়ির প্রতিযোগিতায় দ্বিতীয়

একটিও ম্যাচে না হেরে ৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থান অর্জন করেছে খুদে দাবাড়ু। ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন মনোস্কামের
আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় রানার্স আপ কোন্নগরের ১১ বছরের দাবাড়ু মনোস্কাম মিত্র
আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় রানার্স আপ কোন্নগরের ১১ বছরের দাবাড়ু মনোস্কাম মিত্র

হুগলি: আন্তর্জাতিক স্তরের দাবা প্রতিযোগিতায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখল হুগলির কোন্নগরের ১১ বছরের খুদে দাবাড়ু মনোস্কাম মিত্র। দ্বিতীয় জলপাইগুড়ি আন্তর্জাতিক বিশ্ব দাবা সংস্থা স্বীকৃত ওপেন দাবা প্রতিযোগিতায় রানার্স আপের খেতাব অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছে সে। প্রতিযোগিতায় একটিও ম্যাচে পরাজিত না হয়ে মোট ১০ রাউন্ডে ৮ পয়েন্ট সংগ্রহ করে এই কৃতিত্ব অর্জন করেছে মনোস্কাম। তার এই সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে দাবাপ্রেমীরা।

প্রতিযোগিতায় চণ্ডীগড়ের আন্তর্জাতিক দাবাড়ু হিমাল গুস্বামী এবং পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক দাবাড়ু নীলাশ সাহার সঙ্গে মনোস্কামের লড়াই ড্র হয়। বাকি খেলাগুলিতেও ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে সে। দুর্দান্ত এই সাফল্যের জন্য রানার্স আপের ট্রফির পাশাপাশি ৫০ হাজার টাকা পুরস্কারমূল্যও পেয়েছে মনোস্কাম।

ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে মনোস্কাম জানায়, এখনও অনেকটা পথ চলা বাকি। প্রথম পদক্ষেপ কঠিন হলেও তা অর্জন করা সম্ভব। আপাতত তার লক্ষ্য ২৩০০ ইএলও রেটিং অর্জন করা।

বুধবার বাংলার গর্জনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মনোস্কামের বাবা-মা ছেলের এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেন। তাঁদের কথায়, মাত্র ১১ বছর বয়সে আন্তর্জাতিক স্তরের দাবা প্রতিযোগিতায় রানার্স আপ হওয়া নিঃসন্দেহে বড় প্রাপ্তি। ছেলের কঠোর পরিশ্রম এবং প্রতিনিয়ত উন্নত পারফরম্যান্স তাঁদের আশাবাদী করে তুলেছে। আগামী দিনে দাবার জগতে আরও বড় সাফল্য অর্জন করবে মনোস্কাম, এমনটাই আশা পরিবারের।

তবে ছেলের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত তাঁর বাবা-মা। তাঁদের বক্তব্য, আন্তর্জাতিক স্তরে দাবায় আরও এগিয়ে যাওয়া এবং গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন পূরণ করতে নিয়মিত প্রশিক্ষণ, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং অন্যান্য প্রস্তুতির জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন। সেই কারণে সরকারি কিংবা কোনও বেসরকারি সংস্থার আর্থিক সহযোগিতা পেলে মনোস্কামের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই সহজ হবে।

পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা কোনও সহযোগী প্রতিষ্ঠান যদি এই প্রতিভাবান খুদে দাবাড়ুর পাশে দাঁড়ায়, তাহলে তার স্বপ্নপূরণে বিশেষ সহায়তা হবে। তাঁদের মতে, মনোস্কামের মধ্যে প্রতিভা ও পরিশ্রমের কোনও অভাব নেই। প্রয়োজন শুধু সঠিক প্রশিক্ষণ, উপযুক্ত দিকনির্দেশনা এবং আর্থিক সহযোগিতা। এবার মনোস্কামের প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছে তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss