
আলু চাষে বিপুল লোকসান, হিমঘরের ভাড়াতেও নাভিশ্বাস! মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ প্যাকেজের দাবি চাষী ও ব্যবসায়ীদের। প্রতি বস্তা আলু উৎপাদন, প্যাকেটজাত ও সংরক্ষণ করতে খরচ প্রায় ৩৮০ টাকা, অথচ বিক্রি হচ্ছে মাত্র ১০০ থেকে ১১০ টাকায় | প্রতি বস্তায় লোকসান ২৮০ থেকে ২৯০ টাকা। কৃষি ও কৃষি বিপণন দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন! ৫ নভেম্বর পুরশুড়ার সরকারি সভায় বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার আশায় চাষী ও ব্যবসায়ীরা
বছরের পর বছর আলু চাষ করে লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। সার, বীজ, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি থেকে শুরু করে হিমঘরে আলু সংরক্ষণ, প্রতিটি ক্ষেত্রেই বাড়ছে খরচ। অথচ বাজারে আলুর উপযুক্ত দাম না মেলায় উৎপাদন খরচটুকুও তুলতে পারছেন না চাষীরা। একই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে আলু ব্যবসায়ীদেরও। রাজ্যে আলু চাষ ও সংরক্ষণকে ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে আর্থিক সংকট। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানালেন হুগলি জেলার আলুচাষী ও ব্যবসায়ীরা।
আলুচাষী ও ব্যবসায়ীদের দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছরে এক বস্তা আলু উৎপাদনের খরচই প্রায় ৩০০ টাকা। এর সঙ্গে যুক্ত হচ্ছে অতিরিক্ত নানা খরচ। আলু প্যাকেটজাত করার জন্য একটি বস্তা কিনতে হচ্ছে ৪০ টাকা দিয়ে। মাঠে আলু ঝাড়াই-বাছাই করে বস্তায় ভরার জন্য শ্রমিকদের দিতে হচ্ছে ২০ টাকা। মাঠ থেকে হিমঘরে আলু পৌঁছে দিতে পরিবহন খরচ পড়ছে আরও ৩০ টাকা। সব মিলিয়ে প্রতি বস্তা আলুর মোট খরচ দাঁড়াচ্ছে প্রায় ৩৮০ টাকা। অথচ চাষীরা হিমঘরে সেই আলু বিক্রি করছেন কমবেশি ১০০ থেকে ১১০ টাকায়। কোথাও কোথাও সর্বোচ্চ ১৩০ থেকে ১৪০ টাকা দাম মিললেও তাতে উৎপাদন খরচ ওঠার কোনও সম্ভাবনা নেই। ফলে হিসাব অনুযায়ী, প্রতি বস্তা আলুতে প্রায় ২৮০ থেকে ২৯০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে চাষীদের। ব্যবসায়ীদের বক্তব্য, সমস্ত খরচ বাদ দিলে চাষীর হাতে কার্যত ১০ থেকে ২০ টাকার বেশি থাকছে না। হুগলি জেলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি-সহ একাধিক আলুচাষী জানিয়েছেন, সার, কীটনাশক, বীজ ও সেচের খরচ লাগাতার বেড়ে চলেছে। পাশাপাশি বিদ্যুতের বিল, বস্তার দাম, শ্রমিকের মজুরি এবং হিমঘরের ভাড়াও চাষীদের কাছে বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর আলু চাষ করেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে আলু চাষ চালিয়ে যাওয়া কতটা সম্ভব, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। শুধু উৎপাদন খরচ ও বাজারদর নয়, কৃষি দপ্তরের ভূমিকা নিয়েও চাষী ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাঁদের অভিযোগ, কৃষি দপ্তর থাকা সত্ত্বেও সরকারি আধিকারিকদের মাঠে দেখা যায় না। ব্লক স্তরে মাটি পরীক্ষার উপযুক্ত পরিকাঠামোর অভাব রয়েছে। কোন জমিতে কতটা সার, নাইট্রোজেন, ফসফেট ও পটাশ প্রয়োজন, সে বিষয়ে চাষীরা সঠিক পরামর্শ পাচ্ছেন না। কৃষি আধিকারিকরা মাঠে এসে চাষের পরিস্থিতি খতিয়ে দেখেন না বলেও অভিযোগ। কৃষি দপ্তর কীসের ভিত্তিতে চাষ সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান তৈরি করে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ফলে কৃষি দপ্তরের কাজকর্ম নিয়ে চাষী মহলে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে। ব্যবসায়ী থেকে আলুচাষী, অনেকেই বাংলার ক্যামেরার সামনে জানিয়েছেন, পরিকল্পনা ছাড়া আলু চাষ করে ভবিষ্যতে আর লাভের মুখ দেখা সম্ভব নয়। তাঁদের মতে, আলু চাষের ক্ষেত্রে উৎপাদন, সংরক্ষণ এবং বিপণন, এই তিনটি বিষয়ের উপর সরকারকে সমানভাবে নজর দিতে হবে। কতটা আলু উৎপাদন হবে, কোথায় এবং কীভাবে সংরক্ষণ করা হবে, বাজারে কীভাবে সঠিক দাম পাওয়া যাবে, সেই বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করতে হবে। পাশাপাশি চাষীদের উৎপাদন খরচ কমানোর ব্যবস্থা করতে হবে। তবেই ভবিষ্যতে আলুচাষী থেকে শুরু করে আলু ব্যবসায়ীরা এই পেশায় টিকে থাকতে পারবেন। এই পরিস্থিতিতে আগামী ৫ নভেম্বর হুগলির পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সরকারি সভাকে ঘিরে আশায় বুক বাঁধছেন আলুচাষী ও ব্যবসায়ীরা। তাঁদের প্রত্যাশা, ওই সভা থেকেই কৃষকদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।
এ প্রসঙ্গে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার জানিয়েছেন, তিনি নিজেও আলু ব্যবসার সঙ্গে যুক্ত এবং আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী গড়বেতার সভা থেকেই জানিয়েছেন, আগামী ৫ নভেম্বর হুগলির পুরশুড়ায় সরকারি সভার মঞ্চ থেকে চাষীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হবে। চাষী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে মূলত তিনটি দাবি জানানো হয়েছে। প্রথমত, সার ও কীটনাশকের দাম কমানোর ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি ব্লকে মাটি পরীক্ষাকেন্দ্র তৈরি করে জমির ধরন অনুযায়ী চাষীদের সঠিক কৃষি পরামর্শ দিতে হবে। তৃতীয়ত, বিদ্যুতের বিল ও হিমঘরের ভাড়া কমাতে হবে। প্রয়োজনে সরকারি ভর্তুকির ব্যবস্থাও করতে হবে।
এখন দেখার, আগামী ৫ নভেম্বর পুরশুড়ার সরকারি সভা থেকে আলুচাষীদের এই দীর্ঘদিনের আর্থিক সংকট মোকাবিলায় মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন। উৎপাদন খরচের তুলনায় বাজারদরের এই বিপুল ব্যবধান কীভাবে কমবে, কৃষি দপ্তরের পরিষেবা নিয়ে ওঠা অভিযোগের সমাধান কীভাবে হবে এবং আলু চাষ ও ব্যবসাকে বাঁচাতে রাজ্য সরকার কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন হুগলি জেলার আলুচাষী ও ব্যবসায়ীরা।


