E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজসোমবার, নভেম্বর ২৩, ২০২৬
Jalsha Ghar

যুবশক্তি ভরসা প্রকল্পের টাকা মিলবে জানুয়ারি থেকে, ঘোষণা রাজ্যের

যুবশক্তি ভরসা প্রকল্পে জানুয়ারি থেকে মিলবে বেকার ভাতা
সূত্র: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক মাধ্যমের বিজ্ঞপ্তি।
সূত্র: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক মাধ্যমের বিজ্ঞপ্তি।

সায়ন্ত মাউর, বর্ধমান, ২৩ নভেম্বর: রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে ‘যুবশক্তি ভরসা’ প্রকল্পের রূপরেখা প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর প্রকল্পের বিস্তারিত নীতিমালা জানানো হয়। সরকারি ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো শুরু হবে।

রাজ্য সরকারের পূর্ববর্তী ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের পরিবর্তে নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে প্রকল্পটির প্রাথমিক ঘোষণা করা হয়েছিল। চাকরির প্রস্তুতি নেওয়া বেকার যুবক-যুবতীদের দৈনন্দিন খরচে আর্থিক সহায়তা দেওয়াই এর মূল উদ্দেশ্য। রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

প্রাথমিক বাজেটে স্নাতকদের জন্য মাসিক ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য প্রার্থীদের জন্য ২,০০০ টাকা ভাতার প্রস্তাব রাখা হয়েছিল। তবে মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্তে ভাতার পরিমাণে কোনও পরিবর্তন হয়েছে কি না, সে বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট তথ্য নেই।

প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। পাশাপাশি আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। সরকারি বা স্থায়ী বেসরকারি চাকরিতে নিযুক্ত ব্যক্তিরা এই সুবিধার আওতায় আসবেন না। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হওয়ার শর্তও রাখা হয়েছে। এছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পেলে এই প্রকল্পে আবেদন করা যাবে না বলে জানানো হয়েছে।

আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, পারিবারিক আয়ের শংসাপত্র এবং আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই প্রয়োজন হবে। সংশ্লিষ্ট অ্যাকাউন্টে NPCI-DBT পরিষেবা সক্রিয় থাকাও বাধ্যতামূলক।

সরকারি ওয়েবসাইট yubasathi.wb.gov.in এবং নির্দিষ্ট শিবিরের মাধ্যমে অনলাইন ও অফলাইন—দু’ভাবেই আবেদন গ্রহণের ব্যবস্থা করা হবে। আবেদনকারীদের নথি যাচাইয়ের পর যোগ্যদের ‘যুবশক্তি ভরসা কার্ড’ দেওয়া হবে। এরপর সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-র মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী
সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী ছবি : নিজস্ব

Don't Miss