
অনিন্দ্য কান্তি দত্ত, ২২ নভেম্বর: একটা মানুষ, একাধিক চরিত্র আর হাসির একের পর এক বিস্ফোরণ! জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা ভুবন বাম আবারও ফিরেছেন তাঁর জনপ্রিয় কমেডি ইউনিভার্স ‘ঢিন্ডোরা’ নিয়ে। তবে এবার আর শুধু ইউটিউবের পর্দায় নয়, সরাসরি OTT প্ল্যাটফর্ম Netflix-এ হাজির ‘Dhindora Season 2’। পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। কিন্তু আগের সিজনের জনপ্রিয়তাকে কি ধরে রাখতে পারল এই নতুন অধ্যায়?
গল্পের কেন্দ্রে রয়েছেন সকলের পরিচিত টিটু মামা। ১১ কোটি টাকার আর্থিক ক্ষতির ধাক্কা সামলে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান তিনি। কিন্তু পরিস্থিতি সহজ হওয়ার বদলে একের পর এক নতুন বিপত্তি এসে হাজির হয়। পারিবারিক সম্পর্ক, বিয়ে, ভুল বোঝাবুঝি আর টিটু মামার অদ্ভুত কাণ্ডকারখানা মিলিয়ে গল্প এগিয়ে চলে হাস্যরসের মোড়কে।
এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ভুবন বামের অভিনয়। টিটু মামা, বাবলু জি, জাঙ্কি, বানচো-সহ একাধিক চরিত্রে তাঁর অভিনয় সত্যিই প্রশংসনীয়। প্রতিটি চরিত্রের কথা বলার ধরন, অভিব্যক্তি এবং শরীরী ভাষায় আলাদা বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন তিনি। নতুন সংযোজন হিসেবে সঞ্জিদা শেখের কবিতা মামী চরিত্রটি গল্পে এনেছে নতুন মাত্রা। পাশাপাশি কবীর দুহান সিংয়ের উপস্থিতিও নজর কাড়ে।
পরিচালক স্নেহা শেট্টি কোহলি গল্পটিকে আগের তুলনায় আরও বড় পরিসরে তুলে ধরেছেন। আটটি এপিসোডে সাজানো এই সিজনে কমেডির পাশাপাশি পারিবারিক আবেগ, সামাজিক বৈষম্য এবং সম্পর্কের টানাপোড়েনও জায়গা পেয়েছে। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত চরিত্র ও সাবপ্লটের ভিড়ে গল্পের গতি কিছুটা মন্থর হয়েছে। সব কৌতুকও সমানভাবে দর্শককে হাসাতে পারে না।
সব মিলিয়ে ‘ঢিন্ডোরা ২’ নিখুঁত না হলেও বিনোদনের অভাব নেই। বিশেষ করে BB Ki Vines-এর পুরনো অনুরাগীদের জন্য এটি নস্টালজিয়া আর নতুন চমকের সুন্দর মিশেল। তবে নতুন দর্শকদের ক্ষেত্রে প্রথম সিজন দেখে নেওয়া গল্প বুঝতে সাহায্য করবে।


