
ভোটার তালিকায় নাম আছে তো? উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশ, সংশোধনের জন্য হাতে এক মাস
লখনউ, ১৭ নভেম্বর: ভোটার তালিকায় নাম নেই, নাকি নামের বানান বা ঠিকানায় ভুল? ২০২৭ সালের নির্বাচনের আগে সেই তথ্য যাচাই ও সংশোধনের সুযোগ তৈরি হল উত্তরপ্রদেশে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত নাম অন্তর্ভুক্তি, বাদ দেওয়া এবং তালিকায় থাকা তথ্য সংশোধনের আবেদন জানানো যাবে। রাজ্যের ১ লক্ষ ৭৩ হাজার ৭৩০টি ভোটকেন্দ্রে নির্দিষ্ট চার দিন বিশেষ শিবির বসিয়ে এই কাজের ব্যবস্থা করেছে নির্বাচন দফতর।
নির্বাচন দফতরের এই সংশোধন পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভোটারদের নিজের নাম ও পরিচয় সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার সুযোগ। খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে অন্তর্ভুক্তির আবেদন করা যাবে। আবার তালিকায় কোনও ভুল থাকলে তা সংশোধন কিংবা প্রয়োজন অনুযায়ী নাম বাদ দেওয়ার আবেদনও করা যাবে। এই কাজের জন্য ব্যবহার করতে হবে নির্দিষ্ট তিনটি ফর্ম—ফর্ম ৬, ৭ ও ৮।
শুধু অনলাইনে আবেদন করার উপর নির্ভর না করে ভোটারদের সরাসরি বুথে গিয়ে তালিকা যাচাইয়ের সুযোগ দিতেই এই বিশেষ শিবিরের আয়োজন। নির্ধারিত দিনগুলিতে প্রতিটি ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন বুথ লেভেল অফিসার বা বিএলও। তাঁদের কাছে থাকবে খসড়া ভোটার তালিকা এবং ফর্ম ৬, ৭ ও ৮-এর পর্যাপ্ত খালি কপি। ফলে তালিকায় নাম যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় আবেদন জমা দেওয়ার ব্যবস্থাও থাকবে সংশ্লিষ্ট বুথে।
নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম ৬, নাম বাদ দেওয়ার আবেদন জানাতে ফর্ম ৭ এবং ভোটার তালিকায় থাকা তথ্য সংশোধনের জন্য ফর্ম ৮ ব্যবহার করা যাবে। আবেদনকারীদের সঙ্গে রাখতে হবে একটি পাসপোর্ট মাপের রঙিন ছবি এবং জন্মতারিখ ও বসবাসের প্রমাণ হিসেবে বৈধ নথি। আধার কার্ডও গ্রহণযোগ্য নথির একটি বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া।
এদিন তিনি জানান , ২১ ও ২২ নভেম্বর এবং ২৮ ও ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটারেরা নিজেদের নির্দিষ্ট বুথে গিয়ে খসড়া তালিকা দেখতে পারবেন। প্রয়োজনীয় নথি ও ছবি সঙ্গে থাকলে শিবিরেই ভোটার নিবন্ধন সংক্রান্ত কাজ সম্পন্ন করার সুযোগ থাকবে।
নির্বাচন দফতরের ঘোষিত সময়সীমা অনুযায়ী, ১৬ ডিসেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জমা নেওয়া হবে। তাই খসড়া তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা যাচাই করে ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই সংশোধনের আবেদন জানানো প্রয়োজন। ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করার এই পর্যায়ে প্রত্যেক ভোটারের নিজের তথ্য যাচাই করাই এখন সবচেয়ে জরুরি কাজ।


