
ঝাড়্গ্রাম, ১৭ নভেম্বর:হাতির সমস্যা সমাধান, অনাবাদি জমির ক্ষতিপূরণ এবং হাতি সংরক্ষণ প্রকল্প চালুর দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ‘অরণ্য এবং ময়ূর বাঁচাও কমিটি’। কমিটির দাবি, হাতির উপদ্রবে জঙ্গলমহলের প্রায় ৮ হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে রয়েছে। চাষ করতে না পেরে বহু কৃষক ও কৃষিজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অবিলম্বে জঙ্গলমহলে হাতি সংরক্ষণ প্রকল্প চালু করতে হবে। এক শতক জমির ফসল নষ্ট করলে পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া সহ মোট ১১ দফা দাবি নিয়ে স্মারক লিপি জমা দেন। কমিটির বক্তব্য, ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি এই প্রকল্প চালুর কথা বলা হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। কেন প্রকল্প চালু হয়নি, তার তদন্তেরও দাবি জানানো হয়েছে।পাশাপাশি, ২০২২ সালের ১১ ফেব্রুয়ারির পর থেকে ক্ষতিগ্রস্তরা কত টাকা ক্ষতিপূরণ পেয়েছেন, তার হিসাব প্রকাশ এবং অনাবাদি জমির জন্য প্রতি একরে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে।
কমিটির সভাপতি অবনী মাহাত বলেন, জঙ্গল বাঁচানোর পাশাপাশি মানুষের জীবন ও জীবিকাও সুরক্ষিত করতে হবে। দাবি পূরণ না হলে বেলতলা থেকে শালবনী সহ বিভিন্ন রাস্তায় অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।”


