
ম্যানিলা: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শতাব্দীপ্রাচীন খালসা দেওয়ান গুরুদ্বারার পুনর্নির্মাণের সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি শিখ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী এই ঘটনাকে শিখ সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার প্রতিফলন বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার সামাজিক মাধমের এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “ম্যানিলার খালসা দেওয়ান গুরুদ্বারায় উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।” পোস্টে ইংরেজির পাশাপাশি পাঞ্জাবি ভাষাতেও একই অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

ছবি সৌজন্যে : @narendramodi/X
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৯০১ সালে প্রতিষ্ঠিত এই গুরুদ্বারাটি ১৯০৩ সালে আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়। পরে ১৯২৪ সালে ‘খালসা দেওয়ান’ নামে নথিভুক্ত করা হয়। ফিলিপাইনের সবচেয়ে প্রাচীন গুরুদ্বারা হিসেবে পরিচিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ম্যানিলায় শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়ের আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ভারতীয়-শিখ সম্প্রদায় এবং ফিলিপাইনের বৃহত্তর সমাজের মধ্যে সম্পর্ক দৃঢ় করতেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিপাইনের সেনেটর ফ্রান্সিস জোসেফ এসকুদেরো এবং ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো ইসকো মোরেনো। পুনর্নির্মাণের কাজের সূচনা উপলক্ষে গুরুদ্বারায় উপস্থিত হয়ে সেখানকার শিখ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফরকে কেন্দ্র করে প্রবাসী ভারতীয়দের মধ্যেও বিশেষ আগ্রহ তৈরি হয়।
হরদীপ সিং পুরী মঙ্গলবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানান, ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’দিনের ম্যানিলা সফরে গিয়ে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অংশ নেন। পুরীর বক্তব্য, শিখ সম্প্রদায় গুরু নানক দেবজির ভালোবাসা, সাম্য, সহমর্মিতা ও সেবার আদর্শ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছে। ফিলিপাইনে বসবাসকারী শিখরাও বৃহত্তর ভারতীয় প্রবাসী সমাজের অবিচ্ছেদ্য অংশ।
শিখ ঐতিহ্য ও ধর্মীয় স্থানগুলির সংরক্ষণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেছেন পুরী। তাঁর উল্লেখ করা উদ্যোগগুলির মধ্যে রয়েছে ২০১৯ সালে শ্রী কর্তারপুর সাহিব করিডর চালু, গুরু নানক দেবজির ৫৫০তম প্রকাশ পর্ব, গুরু গোবিন্দ সিংজির ৩৫০তম প্রকাশ পর্ব এবং গুরু তেগ বাহাদুরজির ৪০০তম প্রকাশ পর্ব পালন। লঙ্গর সেবার উপর থেকে জিএসটি প্রত্যাহার, অনুদানের জন্য এফসিআরএ অনুমোদন, শিখ ধর্মীয় স্থানগুলিতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’ হিসেবে ঘোষণার কথাও উল্লেখ করেছেন তিনি।
২০২১ সালে আফগানিস্তান থেকে পবিত্র শিখ ধর্মগ্রন্থ শ্রী গুরু গ্রন্থ সাহিবজির স্বরূপ এবং তাঁদের সঙ্গে থাকা শিখ প্রতিনিধিদলকে নিরাপদে কাবুল থেকে দিল্লিতে ফিরিয়ে আনার ঘটনাও স্মরণ করেন পুরী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নিজে এই নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছিলেন। দিল্লিতে পবিত্র স্বরূপগুলি পৌঁছনোর পর সেগুলির সেবায় অংশ নেওয়ার সুযোগ হয়েছিল বলেও জানান তিনি।
এ ছাড়া, দশম শিখ গুরু গোবিন্দ সিংজি এবং খালসা মাতা সাহিব কৌরের পবিত্র জোড়ে সাহিবের জন্য স্থায়ী উপযুক্ত স্থান খুঁজে পেতে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তাঁর পরিবার ও শিখ সম্প্রদায়ের অন্য সদস্যদের সাহায্য করেছিলেন বলে জানান পুরী। পরে পাটনা সাহিবে পবিত্র স্মৃতিচিহ্নগুলি সংরক্ষণ ও জনসাধারণের দর্শনের জন্য রাখা হলে প্রধানমন্ত্রী সেখানে গিয়ে শ্রদ্ধা জানান বলেও তাঁর পোস্টে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ম্যানিলা সফরের মূল কর্মসূচিতে রয়েছে ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন। ২০২৬ সালে আসিয়ানের সভাপতিত্ব করছে ফিলিপাইন। ভারত ও আসিয়ানের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ২০২৬-২০৩০ সালের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময়ের মঞ্চ হবে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন।
এ ছাড়া, চলতি সফরে কোয়াড নেতাদের বৈঠকেও প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা বলে মঙ্গলবার জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ডেলাওয়্যারে অনুষ্ঠিত বৈঠকের পর এই প্রথম কোয়াড নেতাদের সশরীরে বৈঠক হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পরও এটিই হবে প্রথম এমন বৈঠক।
সূত্র: বিদেশ মন্ত্রক, ভারত সরকার; হরদীপ সিং পুরীর সামাজিক মাধ্যমের পোস্ট।


