
পল্লবী নস্কর ,পাটনা, ১৭ নভেম্বর ২০২৬: গঙ্গার উপর তৈরি বিহারের অন্যতম গুরুত্বপূর্ণ ছয় লেনের সেতুর নামকরণ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কাচ্চি দরগাহ-বিদুপুর ছয় লেনের সেতুর নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী গত ১৩ নভেম্বর এই ঘোষণা করেন। আগামী ২১ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহার সফরে সেতুটির উদ্বোধন করে তা দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করার কথা রয়েছে। কিন্তু এই ঘোষণার পরেই নামকরণ নিয়ে আপত্তি তুলেছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। বিরোধী দলনেতা তেজস্বী যাদবের দাবি, সেতুটির নাম স্বাধীনতা সংগ্রামী অক্ষয়বট রায়ের নামে রাখার কথা আগে সম্মতি দিয়েছিলেন নীতীশ কুমার নিজেই। তেজস্বীর বক্তব্য, ২০১৫ সালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়ই অক্ষয়বট রায়ের নামে সেতুর নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সময় নীতীশ কুমার এই প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন বলে দাবি তাঁর। শুধু তাই নয়, ২০২২ সালে তিনি ফের বিহারের উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার সময়ও বিষয়টি আলোচনায় এসেছিল বলে জানিয়েছেন তেজস্বী। তাঁর দাবি, সেই সময়ও সেতুটির নাম ‘অক্ষয়বট সেতু’ রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছিল। আরজেডির এই দাবির পিছনে রয়েছে স্থানীয় ইতিহাসের প্রসঙ্গ। অক্ষয়বট রায় ছিলেন বিহারের বিদুপুর এলাকার স্বাধীনতা সংগ্রামী এবং প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের ঘনিষ্ঠ সহযোগী। তেজস্বীর বক্তব্য, সেতুটি অক্ষয়বট রায়ের পৈতৃক গ্রামের পাশ দিয়ে গিয়েছে। তাই তাঁর নামে সেতুর নামকরণ হলে স্বাধীনতা সংগ্রামীকে যথাযথ সম্মান জানানো হবে। সেই কারণেই সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে আরজেডি। নামকরণ নিয়ে আপত্তি জানাতে গিয়ে নীতীশ কুমারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তেজস্বী। তাঁর বক্তব্য, নীতীশ কুমার যদি আগের মতো স্বাভাবিক সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকতেন, তা হলে সেতুটির নাম অক্ষয়বট রায়ের নামেই রাখা হত। এই মন্তব্যকে ঘিরেও বিহারের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে, বিহার সরকারের বক্তব্য, নীতীশ কুমারের নামে সেতুর নামকরণ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন এবং রাজ্যের উন্নয়নে অবদানের স্বীকৃতি। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, গঙ্গার উপর নির্মিত এই ছয় লেনের সেতু উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এর ফলে পাটনা, বৈশালী-সহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে কাচ্চি দরগাহ-বিদুপুর সেতু বিহারের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। পাটনার কাচ্চি দরগাহ থেকে গঙ্গা নদী পেরিয়ে রাঘোপুর দিয়ারা হয়ে বৈশালীর বিদুপুর পর্যন্ত বিস্তৃত এই সেতু। মূল সেতুর দৈর্ঘ্য প্রায় ৯.৭৬ কিলোমিটার। সংযোগকারী রাস্তা-সহ প্রকল্পটির মোট দৈর্ঘ্য প্রায় ১৯.৭৬ কিলোমিটার। প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের লক্ষ্য উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যোগাযোগ আরও দ্রুত ও সহজ করা এই সেতু চালু হলে পাটনা ও বৈশালী-সহ উত্তর বিহারের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি গান্ধী সেতুর উপর যানবাহনের চাপ কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। উল্লেখ্য, সেতুটির প্রথম পর্যায় কাচ্চি দরগাহ থেকে রাঘোপুর দিয়ারা পর্যন্ত ২০২৫ সালের ২৩ জুন সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছিল। প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন বিহারের রাজনীতিতে নতুন মাত্রা পেয়েছে। একদিকে সরকারের কাছে নীতীশ কুমারের উন্নয়নমূলক ভূমিকার স্বীকৃতির বিষয়টি গুরুত্বপূর্ণ, অন্যদিকে আরজেডি স্বাধীনতা সংগ্রামী অক্ষয়বট রায়ের অবদানকে সামনে আনছে। ফলে গঙ্গার উপর তৈরি এই সেতু শুধু যোগাযোগের নতুন পথ হিসেবেই নয়, রাজনৈতিক বিতর্কের কেন্দ্র হিসেবেও উঠে এসেছে। আগামী ২১ নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে নামকরণ নিয়ে এই রাজনৈতিক চাপানউতোর কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


