
পল্লবী নস্কর বর্ধমান, ১৭ নভেম্বর ২০২৬: একটি মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিজের কাছে ডেকে নেওয়ার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। বর্ধমানের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ১৪ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতন করেন ৬৮ বছর বয়সি ওই ব্যক্তি। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই কিশোরীর প্রতিবেশী। তাঁর বিরুদ্ধে আগে থেকেই কিশোরীকে বিরক্ত করার অভিযোগ ছিল। পরিবারের দাবি, গত শনিবার বিকেলে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে কিশোরীকে নিজের বাড়িতে ডাকেন তিনি। সেই সময় কিশোরীর মা বাড়িতে ছিলেন না। অভিযোগ, এই সুযোগেই কিশোরীর উপর নির্যাতন চালানো হয়। বাড়ি ফিরে মাকে সমস্ত ঘটনা জানায় কিশোরী। এরপর আর দেরি না করে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(১) ধারা এবং পকসো আইনের ৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।সোমবার আদালতে তোলা হলে অভিযুক্তের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তদন্তের প্রয়োজনে অভিযুক্তের শারীরিক পরীক্ষার আবেদনও জানিয়েছে পুলিশ। যদিও অভিযুক্তের আইনজীবী আদালতে তাঁর মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল।


