
তানিসা দাস,কলকাতা, ১৭ নভেম্বর:* বই বিক্রি করার অপরাধে কলেজ স্ট্রিট থেকে তুলে নিয়ে যাওয়া হল ছাত্রদের। এমনটাই অভিযোগ এসএফআই-এর। মঙ্গলবার সকাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা শুরু সোমবার সন্ধেবেলা। এসএফআই কর্মীরা বলছেন, তারা বিশ্ববিদ্যালয়ের সামনে ছোট করে বইয়ের স্টল বসাচ্ছিলেন। গত কয়েক বছর ধরেই নভেম্বর মাসে এটা করেন তারা। এবারও ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত বই বিক্রির পরিকল্পনা ছিল। হঠাৎ পুলিশ এসে স্টল বাঁধতে মানা করে। পুলিশের তরফ থেকে বলা হয়, রাস্তা আটকে এভাবে দোকান বসানো যাবে না। তার ওপর ওই চত্বরে ১৬৩ ধারা চলছে। তাই ভিড় করা যাবে না। কিন্তু এসএফআই-এর পাল্টা দাবি, তাদের কাছে থানা আর পুরসভার কাগজ আছে। কর জমা দেওয়ার রসিদও আছে। তাও কেন আটকানো হল, বুঝতে পারছেন না তারা। প্রতিবাদে মঙ্গলবার সকালে ছাত্রছাত্রীরা রাস্তার ওপরেই ব্যানার বিছিয়ে তার ওপর বই সাজিয়ে বসে পড়েন। তারা বলেন, স্টল করতে না দিলে রাস্তাতেই বই বেচবেন। এই নিয়ে পুলিশের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি, তারপর ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ কলেজ স্ট্রিটে গাড়ি চলাচল আটকে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে রাস্তা ফাঁকা করে। রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ প্রায় ৪০ জনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।


