
গান্ধীনগর: গুজরাট সফরে আহমেদাবাদে দুই জৈন আচার্যের দর্শন করে তাঁদের আশীর্বাদ গ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবারের এই সাক্ষাতের কথা সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি। সেখানে জৈন ধর্মের আধ্যাত্মিক মূল্যবোধ এবং সাধুসন্তদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহ আহমেদাবাদের স্যাটেলাইট এলাকার প্রেরণা তীর্থ দেরাসরে গিয়ে গচ্ছাধিপতি নররত্ন সূরীশ্বর মহারাজ সাহেবের দর্শন করেন এবং তাঁর আশীর্বাদ নেন। এরপর পালডি এলাকার বিশ্বনন্দীকার জৈন সংঘে গিয়ে গচ্ছাধিপতি উদয়রত্ন সূরীশ্বরজি মহারাজ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেও তিনি আচার্যের আশীর্বাদ গ্রহণ করেন।
গান্ধীনগর লোকসভা কেন্দ্রের বিজেপির মিডিয়া বিভাগের তরফেও এই সাক্ষাতের কথা জানানো হয়েছে।

বর্তমানে গুজরাট সফরে রয়েছেন অমিত শাহ। শুক্রবার গান্ধীনগরের রূপালে শ্রী বরদায়িনী মাতা মন্দিরে দর্শন ও পুজো দেওয়ার পাশাপাশি ৮১ ফুট উচ্চতার ভগবান শিবের মূর্তির শিলান্যাস করার কর্মসূচি রয়েছে তাঁর। এ ছাড়া মানসার বহুচর মাতা মন্দিরে আরতিতে অংশ নেওয়া এবং দিনের শেষে গান্ধীনগরের কোলভাড়ায় নবরাত্রি যুবক মণ্ডলের আয়োজিত গরবা উৎসবে যোগ দেওয়ারও কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।


