
উখড়া: মাটি কাটার কাজ করেও দৈনিক মজুরি মাত্র ৫০ টাকা! ১০০ দিনের প্রকল্পে কাজের পারিশ্রমিক নিয়ে এমনই অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়াল উখড়া গ্রাম পঞ্চায়েত চত্বরে। প্রাপ্য মজুরির বদলে এত কম টাকা কেন দেওয়া হচ্ছে, তার জবাব চাইতে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখালেন একদল জব হোল্ডার। তাঁদের অভিযোগ, পরিশ্রমসাধ্য কাজ করেও যে মজুরি মিলছে, তার সঙ্গে কাজের কোনও সামঞ্জস্য নেই। শেষ পর্যন্ত পঞ্চায়েত প্রধানের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করেন শ্রমিকরা।

বিক্ষোভকারীদের প্রশ্ন, যেখানে ঘাস কাটার কাজ করেও দৈনিক ২০০ টাকা হাজিরা পাওয়া যায়, সেখানে মাটি কাটার মতো পরিশ্রমের কাজের জন্য মাত্র ৫০ টাকা কেন? কোন নিয়ম বা হিসাব মেনে এই মজুরি নির্ধারণ করা হয়েছে, তা জানতে চান তাঁরা। শ্রমিকদের দাবি, কাজের ধরন ও পরিশ্রমের নিরিখে এই পারিশ্রমিক একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। সেই কারণেই তাঁদের মধ্যে ক্ষোভ জমছিল।
বিক্ষোভের মুখে পড়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের কাছে জবাবদিহি দাবি করেন জব হোল্ডাররা। তবে শ্রমিকদের অভিযোগ, তাঁদের প্রশ্নের কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হস্তক্ষেপ করেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মীনা কোলে। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন। পাশাপাশি, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের কাছ থেকে মজুরি নির্ধারণের বিষয়টি বিস্তারিতভাবে জানবেন বলেও বিক্ষোভকারীদের জানান।
প্রধানের আশ্বাস, কোনও শ্রমিক যাতে তাঁর প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এরপরই বিক্ষোভ তুলে নেন শ্রমিকরা।
তবে ৫০ টাকা দৈনিক মজুরি নির্ধারণের নেপথ্যে কী হিসাব রয়েছে, কোন মাপকাঠিতে এই অর্থ দেওয়া হচ্ছিল, তার স্পষ্ট ব্যাখ্যা এখনও মেলেনি। পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফেও বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য সামনে আসেনি। ফলে ১০০ দিনের প্রকল্পের কাজের মজুরি ঘিরে উখড়ায় প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রধানের আশ্বাসের পর শ্রমিকদের অভিযোগের নিষ্পত্তিতে পঞ্চায়েত কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।


