
ঝাড়্গ্রাম: জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করতে গিয়ে হাতির সামনে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক বৃদ্ধার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার আডরা গ্রাম পঞ্চায়েতের ভালুকচুয়া সংলগ্ন জঙ্গল এলাকায়। হাতির সামনে পড়ে তার সাথে থাকা এক ব্যক্তি কোনও রকমে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও বয়সের ভারে পালাতে না পেরে হাতির হানায় প্রাণ হারান বিনতা পাত্র (৭৬)। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি নতুন করে হাতির আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বুধবার দুপুরে গ্রামের এক পরিচিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে শালপাতা সংগ্রহ করতে পাশের জঙ্গলে গিয়েছিলেন বিনতা দেবী। জঙ্গলের কিছুটা ভিতরে ঢোকার পরই আচমকা তাঁদের সামনে চলে আসে একটি বুনো হাতি। বিপদ বুঝতে পেরে তার সাথে থাকা ব্যক্তিটি দ্রুত দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কোনও রকমে তিনি প্রাণ বাঁচাতে সক্ষম হলেও বিনতা দেবী বয়সের কারণে দ্রুত সরে যেতে পারেননি। ফিরে পালানোর সময় হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে ধরে তুলে আছাড় মারার পর তাঁকে পায়ে পিষ্ট করে দেয়। পরে তার সঙ্গীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পাশাপাশি বনদফতরকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মী ও পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঝাড়্গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর বন বিভাগের কেশররেখা রেঞ্জের ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই ১৮ থেকে ২০টি হাতির একটি দল ঘোরাফেরা করছে। হাতির দলটির গতিবিধির উপর নাজর রাখছেন বন দফতরের কর্মীরা। বনদফতরের দাবি বাসিন্দাদের সতর্কও করা হয়েছিল। জঙ্গলে প্রবেশ না করার জন্য বারবার সচেতন করা হচ্ছে। এবিষয়ে খড়্গপুর ডিভিশনের ডিএফও মণীষ যাদব বলেন, ” “জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতার পরিবার ক্ষতিপূরণ পাবেন। এলাকায় হাতি রয়েছে বলে বাসিন্দাদের সর্তক করা হয়েছে। বনকর্মীরা হাতি গুলিকে মণিটারিং করছে। ”
হিন্দুস্থান সমাচার। গোপেশ মাহাতো


