
ঢাকের তালে নাচলেন বিধায়িকা তথা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, আবেগঘন বিদায় দেবী কালীর রাতে নিজের বাড়ির কালি পুজোয় ঢাকের তালে নেচে দেবী কালীর বিসর্জনে অংশ নিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। সোমবারই ছিল বর্ধমান শহরের উল্লাসে বিধায়কের বাড়ির দেবী কালীর বিসর্জন। নিয়ম মেনে এদিন দেবীকে বরণ করেন বিধায়ক নিজেই। পরে ঢাকের তালে পরিবারের সদস্য ও উপস্থিত ভক্তদের সঙ্গে নিয়ে দেবীর বিসর্জন যাত্রায় অংশ নেন তিনি।
বিসর্জনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান মৌমিতা বিশ্বাস মিশ্র। তাঁকে প্রশ্ন করা হয়, আবার একটি বছর অপেক্ষা, আজ মায়ের বিদায়বেলা—এই মুহূর্তে কেমন লাগছে? উত্তরে বিধায়ক বলেন, “মা চলে যাননি, মা মনের মধ্যেই রয়েছেন। মাকে বিসর্জন দিতে হয়, তাই দিলাম। মনটা তো একটু খারাপ”।
বর্ধমানবাসীর উদ্দেশে তাঁর বার্তা কী, জানতে চাওয়া হলে বিধায়ক বলেন, সকলেই ভালো থাকুন। পাশাপাশি মানুষের জন্য আগামী দিনে আরও বেশি করে কাজ করে যেতে চান বলেও জানান তিনি। দেবীর বিসর্জন ঘিরে এদিন বিধায়কের বাড়িতে আবেগঘন পরিবেশের পাশাপাশি উৎসবের আমেজও দেখা যায়।


