
বেলদা: ১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত অবস্থায় আচমকাই আগুন ধরে গেল যাত্রাদলের সদস্যদের বহনকারী একটি প্রাইভেট গাড়িতে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। তবে চালকের সময়োচিত তৎপরতায় প্রাণে রক্ষা পান গাড়িতে থাকা যাত্রাদলের সমস্ত সদস্য। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত কুলিগেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবং থানার মুন্ডুমারি এলাকার একটি যাত্রাদল দাঁতনে যাত্রাপালায় অংশ নিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে কুলিগেড়িয়া এলাকায় জাতীয় সড়কের উপর আচমকাই গাড়িটিতে আগুন ধরে যায়। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত গাড়ি থামিয়ে ভিতরে থাকা সকলকে সতর্ক করেন চালক। তাঁর তৎপরতায় তড়িঘড়ি গাড়ি থেকে নেমে আসেন যাত্রাদলের সদস্যরা। ফলে বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়। অন্যদিকে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা গাড়িটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও খড়গপুর দমকল বিভাগের কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কী কারণে চলন্ত গাড়িতে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।


