
মালদা: বাড়ি থেকে দূরে দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বিএসএফের মহিলা জওয়ানদের সঙ্গে ভাইফোঁটার আনন্দ ভাগ করে নিলেন রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু।

মঙ্গলবার রাতে মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের শোনঘাট বিওপিতে উপস্থিত হয়ে ভাইফোঁটা উৎসবে শামিল হন তিনি।
সীমান্তে কর্তব্যরত মহিলা জওয়ানদের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় দিদি-বোনদের কাছ থেকেও সস্নেহে ভাইফোঁটা নেন প্রতিমন্ত্রী। উৎসবকে ঘিরে সেখানে তৈরি হয় এক আন্তরিক ও আবেগঘন পরিবেশ।
অন্যদিকে, গ্রামের মহিলারাও বিএসএফের মহিলা জওয়ানদের পাশাপাশি মন্ত্রী জুয়েল মুর্মুকে ভাইফোঁটা দিয়ে মিষ্টিমুখ করান।
কর্মসূত্রে পরিবার ও প্রিয়জনদের থেকে দূরে থাকা সীমান্তরক্ষীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগে ভাইফোঁটার দিনে তৈরি হয় এক বিশেষ মুহূর্ত।


