
ভাইফোঁটার মিষ্টির তালিকায় নতুন আকর্ষণ পদ্মফুল, সকাল থেকেই আরামবাগের দোকানে উপচে পড়া ভিড়
ভাইফোঁটা মানেই স্নেহের পরশ, অকৃত্রিম ভালোবাসা আর আবেগের এক মধুর উৎসব। আর সেই উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ভাইয়ের পছন্দের মিষ্টি সাজিয়ে রাখার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন দিদি-বোনেরা।

সাধ্যে যতটুকুই কুলোয়, সাধ মেটাতে কোনও খামতি রাখতে চান না তাঁরা। ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আগেই তাই সামনে সাজানো থাকে নানা স্বাদের মিষ্টির থালা। পরিচিত মিষ্টির পাশাপাশি প্রতি বছরই নতুন নতুন মিষ্টির সংযোজন থাকে এই উৎসবে। এবার সেই তালিকায় বিশেষ আকর্ষণ পদ্মফুল মিষ্টি। পরিবর্তনের হাওয়ায় নতুন এই মিষ্টির চাহিদাও বেশ ভালো।
ভাইফোঁটার আগের দিন মঙ্গলবার সকাল থেকেই আরামবাগ শহরের মিষ্টির দোকানগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুধুমাত্র আরামবাগ শহরেই রয়েছে প্রায় ৪০টি মিষ্টির দোকান।
প্রতিটি দোকানেই সকাল থেকে মিষ্টি কেনার জন্য লম্বা লাইন। দিদি-বোনেদের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরাও ভিড় জমিয়েছেন দোকানগুলিতে। চাহিদা সামাল দিতে মিষ্টি তৈরির পাশাপাশি ক্রেতাদের হাতে অর্ডার পৌঁছে দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দোকানদারদের।
কোথাও দিদি বা বোনেরা নিজেরাই পছন্দের মিষ্টি কিনতে এসেছেন, আবার কোথাও বোনের হয়ে দায়িত্ব সামলাচ্ছেন দাদা বা জামাইবাবুরা। সব মিলিয়ে ভাইফোঁটার আগের দিন আরামবাগের মিষ্টির দোকানগুলিতে উৎসবের আমেজের পাশাপাশি কেনাকাটার ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো।


