
গড়িয়া: ফর্তাবাদে লিভ-ইন পার্টনারকে খুনের অভিযোগে ধৃত তরুণী ও তাঁর মাকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ।মঙ্গলবার সকালে ফর্তাবাদের ভাড়া ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় ধৃত সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে। ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক দলের সদস্যরাও। ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছেন ফরেন্সিক আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফর্তাবাদের ওই ভাড়া ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় ২৫ বছর বয়সি সার্থক সরকারের দেহ। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। সঞ্চালিকা বসুর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন সার্থক।
অভিযোগ, শনিবার রাতে দু’জনের মধ্যে বচসা ও অশান্তি চরমে ওঠে। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন তরুণী। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার তাঁদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ ও বিভিন্ন তথ্য যাচাইয়ের চেষ্টা করছেন তদন্তকারীরা।
খুনের পিছনে প্রকৃত কারণ কী, ঘটনার সময় ধৃত তরুণীর মায়ের ভূমিকা কী ছিল ও ঠিক কীভাবে মৃত্যু হয়েছিল সার্থকের, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার রহস্য উদঘাটনে এখন ফরেন্সিক রিপোর্টের দিকেও নজর তদন্তকারীদের।


