
আরামবাগ: একসময় প্রতি আধ ঘণ্টা অন্তর মিলত বাস। দিনে চলত প্রায় ৫৬ থেকে ৫৭টি ট্রিপ। অথচ বর্তমানে সেই আরামবাগ-তিরোল রুটে বাস পরিষেবা কার্যত সংকটের মুখে। টোটোর ক্রমবর্ধমান সংখ্যা এবং যাত্রী কমে যাওয়ার জেরে ক্রমশ কমছে বাসের সংখ্যা ও ট্রিপ। ফলে প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন তিরোল ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৯৬৭ সালে এই রুটে বাস চলাচল শুরু হয়। দীর্ঘদিন ধরে আরামবাগের সঙ্গে তিরোল ও আশপাশের এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল এই বাস পরিষেবা। একসময় নির্দিষ্ট সময় অন্তর বাস পাওয়া গেলেও বর্তমানে সেই পরিষেবা অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে। বুলচন্দ্রপুর-আরামবাগ রুটে বর্তমানে মাত্র দুটি বাস চলাচল করে। সেগুলিও দিনে দুই থেকে তিনটি ট্রিপ দেয় বলে জানা গিয়েছে।
বাসিন্দাদের বক্তব্য, করোনা মহামারির পর থেকেই এই রুটে বাসের সংখ্যা এবং ট্রিপ ক্রমশ কমতে শুরু করে। অন্যদিকে, বাসের বিকল্প পরিবহণ হিসেবে টোটোর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আরামবাগ-তিরোল রাস্তায় আনুমানিক দেড়শোরও বেশি টোটো চলাচল করছে বলে দাবি টোটোচালকদের।
আরামবাগ বাস-মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্যও বাস পরিষেবা কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে টোটোর দৌরাত্ম্যকে দায়ী করেছেন। তাঁর বক্তব্য, টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাস পরিষেবা পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।
তবে বাস পরিষেবা কমে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রীরা। বর্তমানে তিরোল থেকে আরামবাগ পর্যন্ত টোটোর ভাড়া ২০ টাকা। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভাড়ার ছাড়ের ব্যবস্থাও নেই। ফলে প্রতিদিন যাতায়াতকারী পড়ুয়া ও সাধারণ মানুষের খরচ বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি আরও বাড়ে। পাশাপাশি অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও পর্যাপ্ত বাস না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে।
এই পরিস্থিতিতে তিরোলের বাসিন্দাদের দাবি, বাস ও টোটো পরিষেবার মধ্যে সমন্বয় তৈরি করে একটি নির্দিষ্ট সময়সূচি চালু করা হোক। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ রুটে পর্যাপ্ত বাস চালানোর ব্যবস্থা করা হোক। তাঁদের মতে, টোটো পরিষেবা বন্ধ করা নয়, বরং বাস ও টোটো উভয় পরিবহণ ব্যবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখলেই সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই মিটতে পারে।
দীর্ঘদিনের এই বাস রুটের পরিষেবা স্বাভাবিক করতে প্রশাসন ও পরিবহণ দপ্তর কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে তিরোলবাসী।


