
কলকাতা: উত্তর কলকাতার তালা এলাকায় আচমকাই পানীয় জলের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনমালী সরকার স্ট্রিট-সহ আশপাশের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পাইপলাইন ফেটে রাস্তায় জল ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, এই ঘটনার জেরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহে প্রভাব পড়েছে। আচমকাই জলের গতি অনেকটা কমে যায়। বেশ কিছু এলাকায় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার খবরও পাওয়া গিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে বনমালী সরকার স্ট্রিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার ও পানীয় জল সরবরাহ দফতরের (পি.এইচ.ই) আধিকারিকরা।
শুরু হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখা ও পাইপলাইন মেরামতির উদ্যোগ।
হঠাৎ পাইপলাইন বিপর্যয়ে জলমগ্ন হয়ে পড়া রাস্তা ও ব্যাহত জল সরবরাহের কারণে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা।
কীভাবে এই বিস্ফোরণ ঘটল ও কবে নাগাদ স্বাভাবিক হবে জল সরবরাহ, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।


