
বীরভূম: আজ কালীপুজো। পবিত্র এই তিথিকে কেন্দ্র করে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে বীরভূমের অন্যতম জাগ্রত তীর্থক্ষেত্র তারাপীঠে।
মা তারার টানে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। বীরভূম জেলার পাঁচটি সতীপীঠের পাশাপাশি তারাপীঠেও বিশেষ ধর্মীয় আবহে পালিত হচ্ছে এই পবিত্র তিথি।
সকালের আলো ফোটার আগেই ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে গোটা তারাপীঠ মন্দির ও মহাশ্মশান চত্বর।
এদিন ভোরে মঙ্গলারতির মাধ্যমে মা তারার নিত্যপুজোর সূচনা হয়। এরপর নিয়ম ও নিষ্ঠার সঙ্গে দেবীকে পূর্ণস্নান করিয়ে গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের দর্শনের জন্য। মায়ের দর্শন পেতে সকাল থেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় পুণ্যার্থীদের।
কালীপুজো উপলক্ষে তারাপীঠজুড়ে তৈরি হয়েছে এক বিশেষ ভক্তিময় পরিবেশ।


