
মালদহ: মানিকচকের মথুরাপুর-ভুতনি ব্রিজ সংলগ্ন বাঁধে এক যুবককে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবকের নাম ফুল্লু মণ্ডল। তিনি ভুতনি থানার পশ্চিম নারায়ণপুর যদুটোলা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন ঠিকাদার।
জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তবে কে বা কারা তাঁকে ছুরি মেরেছে ও কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে।


