E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

কোমরে-পায়ে শিকল, ঠোঁটে রক্তের দাগ! কামারপুকুরের ৫০০ বছরের কালীপুজোয় আজও রহস্য

কামারপুকুরের শ্রীপুরে বৈদ্যবাড়ির প্রায় ৫০০ বছরের প্রাচীন কালীপুজো ঘিরে রয়েছে নানা লোককথা ও ব্যতিক্রমী রীতি। দেবী চামুণ্ডার কোমর-পায়ে শিকল, ঠোঁটের কোণে রক্তের দাগ জানুন পুজোর ইতিহাস
কামারপুকুরের শ্রীপুরের বৈদ্যবাড়ির প্রায় ৫০০ বছরের প্রাচীন চামুণ্ডা কালীপ্রতিমা, কোমর ও পায়ে শিকল বাঁধা
কামারপুকুরের শ্রীপুরের বৈদ্যবাড়ির প্রায় ৫০০ বছরের প্রাচীন চামুণ্ডা কালীপ্রতিমা, কোমর ও পায়ে শিকল বাঁধা

কামারপুকুর: মায়ের কোমর ও পায়ে বাঁধা শিকল, ঠোঁটের কোণে রক্তের দাগ। পুজোর সময় মহিলাদের লালপাড় শাড়ি পরা, পায়ে আলতা ও নূপুর পরাও নিষিদ্ধ। এমনই ব্যতিক্রমী আচার ও লোককথাকে ঘিরে আজও রহস্যের আবহে আবৃত কামারপুকুরের শ্রীপুরের বৈদ্যবাড়ির প্রায় ৫০০ বছরের প্রাচীন কালীপুজো। দেবী এখানে পূজিত হন চামুণ্ডা রূপে। বংশপরম্পরায় চলে আসা এই পুজোকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনি, পারিবারিক বিশ্বাস এবং কঠোর কিছু নিয়মকানুন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৫০০ বছরেরও বেশি আগে এই পুজোর সূচনা করেছিলেন রামতারক গুপ্ত। কথিত আছে, তিনি ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চিকিৎসক। সেই সময় থেকে আজও একই পারিবারিক ঐতিহ্য মেনে চলে আসছে এই পুজো। তবে এখানকার দেবী প্রতিমার রূপ এবং পুজোর বিশেষ নিয়ম অন্য সব কালীপুজোর থেকে একেবারেই আলাদা।

বৈদ্যবাড়ির কালীপ্রতিমার কোমর ও পা শিকল দিয়ে বাঁধা থাকে। ঠোঁটের কোণে থাকে রক্তের চিহ্ন। কেন দেবীর এমন রূপ, তা নিয়ে পরিবারের মধ্যে প্রচলিত রয়েছে একটি পুরনো কাহিনি। লোকমুখে শোনা যায়, কয়েকশো বছর আগে পরিবারের এক পুত্রবধূ লালপাড় শাড়ি পরে, পায়ে আলতা ও নূপুর দিয়ে নিয়মিত দেবীর আরতি করতে যেতেন। কিন্তু একদিন মন্দিরে যাওয়ার পর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে গিয়ে নাকি দেবীর বিগ্রহের মুখে রক্তমাখা লালপাড় কাপড় দেখতে পান। সেই ঘটনার পর থেকেই পুজোর নিয়মে একাধিক বিধিনিষেধ চালু হয়। পরিবারের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মহিলাদের লালপাড় শাড়ি, আলতা ও নূপুর পরে পুজো দেওয়া নিষিদ্ধ হয়ে যায়। তাঁদের ধারণা, এই নিয়মের অন্যথা হলে দেবী রুষ্ট হতে পারেন।

শুধু পোশাকের ক্ষেত্রেই নয়, পুজোর অন্যান্য আচারেও রয়েছে বিশেষ বিধিনিষেধ। পরিবারের মহিলাদের সন্ধ্যারতি করা নিষিদ্ধ। পরিবারের বিশ্বাস, দেবী নির্জনতা পছন্দ করেন। তাই মন্দিরে থাকে না কোনও জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা, লাউডস্পিকার কিংবা উচ্চস্বরে গানবাজনার আয়োজন। ল্যাম্প ও মোমবাতির আলোয় সম্পন্ন হয় দেবীর আরাধনা। পুজোর সময় মন্দির প্রাঙ্গণে শোনা যায় শুধুমাত্র ঢাকের বাদ্যি।

এই পুজোর আরও একটি বিশেষত্ব রয়েছে সময় ও আচারবিধিতে। রাতে শুরু হওয়া পুজো চলে ভোরের আলো ফোটা পর্যন্ত। পুরোহিতকে একাসনে বসেই সম্পূর্ণ পুজো সম্পন্ন করতে হয়। পুজো শেষ হওয়ার পর নির্দিষ্ট নিয়মে সুতো কেটে তবেই তিনি আসন ত্যাগ করতে পারেন। পুজোয় পাঁঠা, আখ কিংবা ছাঁচি কুমড়ো বলিরও প্রচলন রয়েছে।

দেবীর বিসর্জনেও রয়েছে বিশেষ পারিবারিক রীতি। পরিবারের প্রচলিত বিশ্বাস ও স্বপ্নাদেশ অনুযায়ী, নির্দিষ্ট পুকুরেই বিসর্জন দেওয়া হয় দেবীকে। বিসর্জনের পর ফিরিয়ে আনা হয় প্রতিমার কাঠামো। কোনও নির্দিষ্ট ছাঁচ ব্যবহার না করে বংশপরম্পরায় নিজস্ব রীতিতে তৈরি করা হয় দেবীর প্রতিমা।

সব মিলিয়ে কামারপুকুরের শ্রীপুরের বৈদ্যবাড়ির এই কালীপুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং কয়েক শতাব্দীর পারিবারিক ঐতিহ্য, লোকবিশ্বাস ও প্রাচীন আচার-অনুষ্ঠানের এক ব্যতিক্রমী নিদর্শন। আধুনিকতার ছোঁয়া লাগলেও আজও পুজোর প্রাচীন নিয়মে কোনও পরিবর্তন আসেনি বলে জানিয়েছে পরিবার। দেবীর কোমর ও পায়ে শিকল কেন, ঠোঁটের কোণে রক্তের দাগের তাৎপর্যই বা কী—এই প্রশ্নগুলির উত্তর জানতে আজও কৌতূহলী ভক্ত ও দর্শনার্থীরা। রহস্যের আবরণে মোড়া এই পুজো তাই আজও কামারপুকুরের অন্যতম আকর্ষণ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss