
শিলিগুড়ি: মালদার অন্যতম আকর্ষণ ঝলঝলিয়া যুবক বৃন্দের ঐতিহ্যবাহী কালীপুজো। প্রতিবছরই এই পুজোকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যায়। এবছর ৬৩তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। বিশেষ এই উপলক্ষে পুজোর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আফতাব শিবদাসানি।

কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন অভিনেতা। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তারা।
ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক শিবশঙ্কর আদিত্য, সভাপতি শিবু ঘোষ, কালচারাল সেক্রেটারি বিভূ মজুমদার-সহ অন্যান্য সদস্যরা।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা আফতাব শিবদাসানি জানান, দীর্ঘদিন পর শিলিগুড়িতে এসে তাঁর বেশ ভালো লাগছে। এখানকার মানুষের ভালোবাসা ও আতিথেয়তা তাঁকে আপ্লুত করেছে।
অন্যদিকে, পুজো কমিটির কালচারাল সেক্রেটারি বিভূ মজুমদার জানান, প্রতি বছরই মুম্বই থেকে বলিউডের কোনও না কোনও অভিনেতাকে নিয়ে এসে পুজোর উদ্বোধন করানো হয়। এবছর ৬৩তম বর্ষের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন আফতাব শিবদাসানি।
পাশাপাশি তিনি সকলকে ঝলঝলিয়া যুবক বৃন্দের কালীপুজোয় উপস্থিত হয়ে উৎসবে শামিল হওয়ার আমন্ত্রণ জানান।
বলিউড অভিনেতার আগমনকে ঘিরে ইতিমধ্যেই পুজো উদ্যোক্তা থেকে শুরু করে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়েছে।
তাঁর উপস্থিতিতে এবারের ৬৩তম বর্ষের কালীপুজো আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা।


