
শিলিগুড়ি: শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত আরও মজবুত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। ন্যাশনাল এডুকেশন পলিসি (NEP) ২০২০ অনুযায়ী ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি (FLN) বা প্রাথমিক স্তরে পড়া, লেখা ও গণিতের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা।
মূলত উত্তরবঙ্গের ৯টি শিক্ষা জেলাকে কেন্দ্র করে এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষা, আবাসন, MSME সহ বস্ত্র দফতরের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন।
মন্ত্রী জানান, এই কর্মশালার মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে জেলায় জেলায় ও স্কুলে স্কুলে এই প্রশিক্ষণ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর ফলে শিক্ষক-শিক্ষিকারা আরও উন্নত পদ্ধতিতে শিশুদের পড়াশোনা শেখাতে পারবেন।
বিশেষ করে প্রাথমিক স্তরে শিশুদের অক্ষরজ্ঞান, পড়ার দক্ষতা, লেখার অভ্যাস ও সাধারণ গণিতের ধারণা উন্নত করার উপর জোর দেওয়া হবে।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকায় সংরক্ষিত শ্রেণির শংসাপত্র নিয়ে ওঠা অসঙ্গতি ও সন্দেহের অভিযোগ প্রসঙ্গেও মুখ খোলেন মন্ত্রী।
তাঁর দাবি, গ্রুপ সি ও ডিএ-র প্রাথমিক মেধাতালিকাতেও এমন কিছু নাম নজরে এসেছে, যেগুলি নিয়ে প্রশ্ন উঠেছে।
কয়েকটি পদবির ক্ষেত্রে এসসি বা এসটি শ্রেণিভুক্ত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, জাতিগত শংসাপত্র ইস্যু করার দায়িত্ব মূলত BCWD দফতরের।
শিক্ষা দফতরের কাজ সংশ্লিষ্ট শংসাপত্রে এসডিও-র যথাযথ স্বাক্ষর রয়েছে কি না, তা যাচাই করা। কোনও ব্যক্তি নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত কি না, তা নির্ধারণ করা শিক্ষা দফতরের এক্তিয়ারের মধ্যে পড়ে না। নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া কম্পিউটারাইজড হওয়ায় প্রতিটি নাম ধরে আলাদা করে যাচাই করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
তবে বিষয়টি ইতিমধ্যেই নজরে এসেছে বলে জানান মন্ত্রী।
যাঁদের কাছে বৈধ শংসাপত্র নেই, তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি শংসাপত্রগুলি কীভাবে প্রদান করা হয়েছে, তা নিয়েও প্রয়োজনে তদন্তের প্রয়োজন হতে পারে। সাধারণ মানুষের কাছ থেকে কোনও অভিযোগ এলে শিক্ষা দফতর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে ও BCWD দফতরকে শংসাপত্র যাচাই করার অনুরোধ জানানো হবে।
এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপার প্রাইমারি সহ একাদশ-দ্বাদশ স্তরেও শিক্ষক নিয়োগের সম্ভাবনার ইঙ্গিত দেন মন্ত্রী। রাজ্যে ইতিমধ্যেই বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক স্কুলগুলি পুনরায় চালু করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সব মিলিয়ে একদিকে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে FLN প্রশিক্ষণ, অন্যদিকে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা, ভবিষ্যতে নতুন নিয়োগ ও বন্ধ স্কুল পুনরায় চালুর পরিকল্পনা – এদিনের কর্মশালায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।


