
কলকাতা: বাজির রোশনাই, আলোর ঝলকানি আর উৎসবের আনন্দ – দীপাবলি ও কালীপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই ছবি।


তবে আলোর উৎসবের আড়ালেই লুকিয়ে থাকে পরিবেশ দূষণ, শব্দদূষণ ও অবলা প্রাণীদের যন্ত্রণার মতো একাধিক বাস্তব সমস্যা।
উৎসবের আনন্দের পাশাপাশি এই সমস্ত বিষয়কে সামনে রেখেই ২০২৬ সালের কালীপুজোয় অভিনব ভাবনা নিয়ে হাজির হচ্ছে টালিগঞ্জ ছাত্র সংঘ।
ক্লাবের ৬৪তম শ্যামাপুজোর এবারের থিম ‘বাজিতেই বাজিমাত’।
জানা গিয়েছে, এই ভাবনার নেপথ্যে রয়েছেন দীপাঞ্জন দে।
সাধারণ মানুষের কাছে কালীপুজো মানেই আলোর উৎসব এবং আতসবাজির রোশনাই। কিন্তু সেই বাজির পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, উৎপাদন প্রক্রিয়া ও অসংখ্য শ্রমিকের জীবনসংগ্রাম।
সেই অজানা দিকগুলিই এবারের থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ।
আতসবাজির ইতিহাস থেকে শুরু করে কীভাবে বাজি তৈরি হয়, এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জীবনযাপন ও তাঁদের প্রতিদিনের লড়াই – সবকিছুই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।
পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকারের উত্থান ও তার প্রয়োজনীয়তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে।
উৎসবের আনন্দের পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সব মিলিয়ে, শুধু আলোর ঝলকানি নয়, বাজি শিল্পের অন্দরমহলের বাস্তব চিত্র ও পরিবেশ ও প্রাণীদের প্রতি মানুষের দায়িত্ববোধের বার্তা নিয়ে এবারের শ্যামাপুজোয় দর্শনার্থীদের নজর কাড়তে চলেছে টালিগঞ্জ ছাত্র সংঘের ‘বাজিতেই বাজিমাত’।


