E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

শতবর্ষের ঐতিহ্যে শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি! বিপ্লবী মুকুন্দ দাসের স্মৃতি জড়িয়ে, এবার বিশেষ আয়োজনে ১০০তম দীপান্বিতা কালীপুজো

কাশী থেকে আনা কষ্টিপাথরের কালীমূর্তি ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতি জড়িয়ে রয়েছে মন্দিরের ইতিহাসে, শতবর্ষ উপলক্ষে বছরভর নানা কর্মসূচি
শতবর্ষে শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি, বিশেষ আয়োজনে ১০০তম দীপান্বিতা কালীপুজো
শতবর্ষে শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি, বিশেষ আয়োজনে ১০০তম দীপান্বিতা কালীপুজো

শিলিগুড়ি: ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের স্মৃতি ও দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্যকে সঙ্গে নিয়ে শতবর্ষ পূর্ণ করতে চলেছে শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি।

এবছর মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি শতবর্ষে পা দিচ্ছে এখানকার ঐতিহ্যবাহী দীপান্বিতা কালীপুজো।

এই কালীবাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বিপ্লবী চারণকবি মুকুন্দ দাসের নাম।

তাঁর উদ্যোগেই কাশী থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছিল কষ্টিপাথরের মা কালীর বিগ্রহ।

স্থানীয় প্রচলিত ইতিহাস অনুযায়ী, স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের আনাগোনার অন্যতম আশ্রয়স্থল ছিল এই কালীবাড়ি।

কথিত রয়েছে, বিপ্লবী মুকুন্দ দাস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছিলেন। সেই অর্থের একাংশ মন্দির নির্মাণের কাজে ব্যবহার করা হয়। তাঁর উদ্যোগেই কাশী থেকে আনা হয় কষ্টিপাথরের কালীমূর্তি।

সেই সময় শিলিগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায় জনবসতি ছিল তুলনামূলকভাবে কম।

স্টেশনে নেমে বিপ্লবীরা এই মন্দিরে আশ্রয় নিতেন বলেও প্রচলিত রয়েছে। মাটির প্রতিমাকে কেন্দ্র করে চলত লাঠিখেলা, শরীরচর্চা-সহ বিভিন্ন কর্মকাণ্ড। ফলে ধর্মীয় উপাসনার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের স্মৃতিও জড়িয়ে যায় এই মন্দিরের ইতিহাসের সঙ্গে।

দীর্ঘ একশো বছরের পথচলায় মন্দিরের পরিকাঠামোয় এসেছে একাধিক পরিবর্তন।

প্রায় ১৪ বছর আগে পুরনো মন্দির ভেঙে নতুনভাবে নির্মাণ করা হয় বর্তমান মন্দির। তবে ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে পুরনো বেদির মাটি সংরক্ষণ করা হয় ও সেই একই বেদিতে পুনরায় প্রতিষ্ঠা করা হয় মা কালীর বিগ্রহ। মন্দিরের অন্যতম উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল বলিপ্রথা বন্ধ করা। প্রায় ২০-২৫ বছর আগে এই প্রথা বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে আখ, শসা, চালকুমড়ো-সহ বিভিন্ন সামগ্রী নিবেদনের মধ্য দিয়েই সম্পন্ন হয় পুজো।

শতবর্ষ উদযাপন উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে বছরব্যাপী নানা কর্মসূচি। গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ উদযাপন চলবে আগামী বছর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

ধর্মীয় আয়োজনের পাশাপাশি থাকছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দির কমিটির উদ্যোগ, সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তোলা।

আনন্দময়ী কালীবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানান, এবছর মন্দির প্রতিষ্ঠা ও দীপান্বিতা কালীপুজো দুইয়েরই শতবর্ষ পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে বছরজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামী ৮ নভেম্বর রাত ১০টা থেকে শুরু হবে মায়ের পুজো। রাত ১টা ৩০ মিনিটে ভোগ নিবেদন ও ভোগ আরতি অনুষ্ঠিত হবে। এরপর রাত ২টা ৩০ মিনিট থেকে শুরু হবে পুষ্পাঞ্জলি, শান্তিজল প্রদান ও হোমযজ্ঞ।

শতবর্ষের বিশেষ পুজোকে কেন্দ্র করে দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দিকেও বাড়তি নজর রাখছে মন্দির কর্তৃপক্ষ।

পঞ্জিকা অনুযায়ী, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ ৮ নভেম্বর রবিবার সকাল ১০টা ৪৯ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়ে ২২ কার্তিক, অর্থাৎ ৯ নভেম্বর সোমবার সকাল ১১টা ২৭ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে।

শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আনন্দময়ী কালীবাড়ি যেন ফিরে দেখছে তার গৌরবময় অতীত। কাশী থেকে আনা কষ্টিপাথরের কালীমূর্তি, বিপ্লবী মুকুন্দ দাসের স্মৃতি ও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ধর্মীয় ঐতিহ্যকে সঙ্গী করেই এবার বিশেষ মর্যাদায় পালিত হতে চলেছে দীপান্বিতা কালীপুজো।

সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, কিন্তু একশো বছরের বিশ্বাস ও ঐতিহ্য আজও অটুট।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss