
কোচবিহার: ২০২৬ সালের জেলা প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি শুরু করল কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
প্রতিযোগিতার পরিকল্পনা ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরতে শুক্রবার সংসদের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান সাধন কুমার পাল।
সংসদ সূত্রে জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো, শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এদিন সাংবাদিক বৈঠকে ডিপিএসসি চেয়ারম্যান সাধন কুমার পাল জানান, আগামী দিনে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পরিকাঠামো ও সামগ্রিক কাজের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও সুসংগঠিত করার পাশাপাশি পড়ুয়াদের জন্য শিক্ষার পরিবেশ আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা চলছে।
সব মিলিয়ে, ডিসেম্বরের জেলা ক্রীড়া প্রতিযোগিতাকে সফল করে তোলার প্রস্তুতির পাশাপাশি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।


