
ডালখোলা: মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলার অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ ও ডালখোলা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতে ডালখোলার বস্তাডাঙ্গি এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ।
এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি নতুন চার চাকা গাড়ি। ধৃত দু’জনই মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, এলাকায় মাদক পাচারের ছক কষা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পান তদন্তকারীরা।
সেই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে বস্তাডাঙ্গি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে একটি বোলেরো গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। এরপরই গাড়িতে থাকা দু’জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ব্যবহৃত বোলেরো গাড়িটিও।
পরপর মাদকবিরোধী অভিযানে ইসলামপুর পুলিশ জেলার অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ ও ডালখোলা থানার পুলিশের এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল ও এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের মূল মাথাদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এই ঘটনার পিছনে আরও বড় কোনও আন্তঃজেলা মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।


