
দক্ষিণ ২৪ পরগনা: ভেজাল দুধ তৈরির চক্রের হদিস পেয়ে বড়সড় সাফল্য পেল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করল কালিতলা- আশুতি থানার পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার ভোরে ঠাকুরপুকুর থেকে কালাগাছিয়া যাওয়ার পথে কালিতলা- আশুতি খালের কাছে একটি নির্জন রাস্তায় একটি ছোট মিনি ট্রাক বা ‘ছোটা হাতি’তে তিনজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান পুলিশকর্মীরা।
তাঁদের সামনে থাকা ৩৪টি পাত্রে জলের সঙ্গে একটি সাদা গুঁড়ো মেশানো হচ্ছিল। ওই মিশ্রণ দেখতে অনেকটাই আসল দুধের মতো বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ভেজাল দুধ শহরের বিভিন্ন গোয়ালঘর বা ডেয়ারি ফার্মে সরবরাহ করা হতো।
পরে আসল দুধের সঙ্গে মিশিয়ে তা শহরতলির বিভিন্ন এলাকায় বিতরণ করা হতো।
জিজ্ঞাসাবাদে ধৃতরাও বিভিন্ন গোয়ালঘরে এই মিশ্রণ সরবরাহ করার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর।
অভিযানে পুলিশ ৪০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৩৪টি পাত্র, সাদা গুঁড়ো ও বেশ কয়েকটি ছোট প্লাস্টিকের প্যাকেট বাজেয়াপ্ত করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হল কার্তিক ঘোষ (৩২), আমনুদ্দিন ঢালি (২৮) সহ রামিজ জমাদার (২৫)।
ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হবে। তবে দুধ তৈরির এই মিশ্রণে ঠিক কী ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে ও তা মানবস্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর, তা এখনও নিশ্চিত নয়। নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করার পরেই বিষয়টি স্পষ্ট হবে।
সাধারণ মানুষের খাদ্যসুরক্ষা নিয়ে এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের মাধ্যমে এই ভেজাল দুধ সরবরাহের চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


