
ঝাড়গ্রাম: বিরোধীদের আন্দোলনের পাল্টা প্রচারে এবার গ্রামাঞ্চলে জনসংযোগে জোর দিল বিজেপি। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার নয়াগ্রাম বিধানসভার খড়িকামাথানিতে কর্মসূচি পালন করল গেরুয়া শিবির। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলির আন্দোলনের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলা ইনচার্জ সোনালী মুর্মু, মন্ত্রী অমিয় কিস্কু-সহ নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত পাঁচটি মণ্ডলের সভাপতিরা। সভা থেকে বিজেপি নেতৃত্ব বিরোধীদের বিরুদ্ধে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করার অভিযোগ তোলেন। তাঁদের দাবি, দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে সাধারণ মানুষের কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরা জরুরি। সেই লক্ষ্যেই এই প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই কর্মসূচি শুধু বড় শহর বা জেলা সদরেই সীমাবদ্ধ থাকবে না। রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও দলের বক্তব্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই মতো বুথ ও মণ্ডল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খড়িকামাথানির কর্মসূচির মধ্য দিয়ে নয়াগ্রাম এলাকায় সেই প্রচারকে আরও জোরদার করতে চাইছে বিজেপি।


