
নদিয়া: শরীরচর্চা শেষে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক।
বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপের দেয়ারাপাড়া সংলগ্ন কর্মমন্দির মাঠের ঘাট এলাকায়।
নিখোঁজ দুই যুবকের নাম আদিত্য সাহা (২০) ও সুরোজিৎ দে।
আদিত্য নবদ্বীপের চটীর মাঠ পালপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে, সুরোজিতের বাড়ি দণ্ডপাণিতলা কাঁসারিপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কর্মমন্দির মাঠে শরীরচর্চা ও প্র্যাকটিস শেষ করে দুই বন্ধু দেয়ারাপাড়া ঘাটে ভাগীরথীতে স্নান করতে নামেন।
সকাল আনুমানিক সোয়া ৯টা নাগাদ ঘাটের পাড় থেকে প্রায় ১০ ফুট দূরে স্নানরত এক যুবককে আচমকা একবার মাথা তুলে ফের জলের তলায় তলিয়ে যেতে দেখেন স্থানীয় এক স্কুলগাড়ির চালক দুলাল ঘোষ।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও ওই যুবককে ভেসে উঠতে না দেখে তিনি দ্রুত মাঠে থাকা অন্যদের খবর দেন।
এরপর শুরু হয় খোঁজাখুঁজি। ঘাটের পাড় থেকে উদ্ধার হয় নিখোঁজ দুই যুবকের সাইকেল ও মোবাইল ফোন।
খবর দেওয়া হয় তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি নবদ্বীপ থানাতেও।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তাঁদের বন্ধু সোমনাথ ঘোষ। তাঁর দাবি, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু অভিযোগ, থানায় খবর দেওয়ার পরও বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘটনাস্থলে কোনও ডুবুরি বা বিপর্যয় মোকাবিলা দলের সদস্য পৌঁছননি।
উদ্ধারকারী দল পৌঁছতে দেরি হওয়ায় নিখোঁজদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একটি গুরুত্বপূর্ণ জনবহুল ও তীর্থক্ষেত্র হওয়া সত্ত্বেও নবদ্বীপের বিভিন্ন ঘাটে বারবার এমন দুর্ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নবদ্বীপে স্থায়ীভাবে অন্তত চারজনের একটি প্রশিক্ষিত ডুবুরি দল মোতায়েন করা হোক। যাতে কোনও দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়।
পরবর্তীতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুই যুবকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।


