
ডায়মন্ড হারবার: ২০২০ সালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ফের গ্রেফতারির ঘটনা ঘটল।
গ্রেফতার হলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইমরান হাসান। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় উস্তি থানার পুলিশ দেউলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে ইমরান হাসানকে গ্রেফতার করে।
২০২০ সালের ১০ ডিসেম্বর জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার তদন্তের সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই গ্রেফতারির ফলে সংশ্লিষ্ট ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। বৃহস্পতিবার ধৃত ইমরান হাসানকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করার কথা।
নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় আর কারা জড়িত থাকতে পারেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নতুন করে এই গ্রেফতারির পর তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


