
শিলিগুড়ি: মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ।
এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি কালো রঙের মোটরসাইকেল ও মাদক ওজন করার একটি ছোট যন্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যবর্তী রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার একটি বিশেষ পুলিশ দল দাগাপুর চা বাগান এলাকায় রেললাইনের কাছে অভিযান চালায়।
গোপন সূত্রে মাদক সংক্রান্ত তথ্য পাওয়ার পরই এই অভিযান চালানো হয়।
সেখান থেকেই মোহাম্মদ নাসিরুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
ধৃত ব্যক্তি প্রধাননগর থানা এলাকার ডামরাগ্রামের বাসিন্দা।
এরপর ধৃত ব্যক্তির কাছে থাকা সামগ্রী তল্লাশি করে ৪৭ গ্রাম ব্রাউন সুগার সহ একটি ছোট ওজন মাপার যন্ত্র উদ্ধার হয়।
ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়।
এই ঘটনায় প্রধাননগর থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল ও এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।


