
কোচবিহার: দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা ও তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আক্রান্ত ব্যবসায়ীর নাম প্রকাশ সরকার (৩৮)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নয়ারহাট বাজারে নিজের দোকান বন্ধ করে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন তিনি।
সেই সময় পানিগ্রাম স্কুল সংলগ্ন এলাকায়, বাড়ি থেকে কিছুটা দূরে বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায় বলে অভিযোগ।
এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। এমনকী তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় বলে অভিযোগ পরিবারের।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রকাশ সরকারকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস-সহ বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এই হামলা, কারা এই ঘটনার সঙ্গে জড়িত ও হামলার পিছনে কোনও পুরনো শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ব্যস্ত বাজার থেকে বাড়ি ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ীর উপর এই ধরনের হামলা ও গুলি চালানোর অভিযোগে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে নয়ারহাট ও পানিগ্রাম এলাকায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


