
খড়গপুর: খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে আচমকাই দেখা মিলল বিশাল ধুলোর ঘূর্ণির। মুহূর্তের মধ্যেই ধুলোর আস্তরণে ঢেকে গেল বিস্তীর্ণ এলাকা।
প্রকৃতির এই আকস্মিক দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই জাতীয় সড়কের উপর তৈরি হয় ধুলোর বিশাল ঘূর্ণি। ক্রমশ উপরের দিকে উঠতে থাকা সেই ধুলোর স্তম্ভ মুহূর্তের মধ্যেই আশপাশের এলাকাকে আচ্ছন্ন করে ফেলে।
এমন অস্বাভাবিক দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই বিস্মিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষজন।
ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ঘিরে শুরু হয়েছে আলোচনা।
অনেকেই প্রকৃতির এই বিরল দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
হঠাৎ তৈরি হওয়া এই ধুলোর ঘূর্ণি কিছুক্ষণের জন্য হলেও এলাকার মানুষকে স্তম্ভিত করে দেয়।


