E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ডিসেম্বরের আগে বাংলাদেশে অশান্তির আশঙ্কা! পোশাকশিল্পে শ্রমিক বিক্ষোভে উত্তাল ঢাকা, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ন্যূনতম মাসিক বেতন ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার করার দাবিতে আন্দোলন। শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে ঘিরেও রাজনৈতিক জল্পনা।

ঢাকা: ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে যখন নতুন করে জল্পনা তৈরি হয়েছে, ঠিক সেই সময়েই শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের একাধিক এলাকা।

পোশাকশিল্পে বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ক্রমশ সংঘর্ষের চেহারা নিচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকেও মোতায়েন করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকার মিরপুর, কালশী, সাভার-সহ একাধিক এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়।

বিভিন্ন জায়গায় অবরোধের পাশাপাশি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের জেরে আবদুল্লাহপুর-বাইপাইল জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গাজীপুর, নারায়ণগঞ্জ- সহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

জানা যায়, মোট ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন ও নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় দুই প্লাটুন বিজিবি দায়িত্বে রয়েছে।

শুধু বাহিনী মোতায়েনই নয়, ড্রোন ও বডি ক্যামেরার মাধ্যমেও পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে।

আরো জানা যায়, শ্রমিক অসন্তোষের জেরে ইতিমধ্যেই বাংলাদেশে ৫২৯টি পোশাক কারখানা বন্ধ হয়ে পড়েছে।

কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১০ লক্ষ শ্রমিক। বর্তমানে বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ১২,৫০০ টাকা।

শ্রমিকদের দাবি, সেই বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে।

তাঁদের বক্তব্য, বর্তমান বেতনে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। অন্যদিকে, কারখানার মালিকপক্ষের তরফে ২৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও তা মেনে নিতে রাজি হননি শ্রমিকদের একাংশ।

এই দাবিকে কেন্দ্র করেই গত সপ্তাহের শেষ দিক থেকে ঢাকার উপকণ্ঠে আশুলিয়া, সাভার, গাজীপুর ও মিরপুরে বিক্ষোভ শুরু হয়। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের পাশাপাশি একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, গত আগস্টে ভারত থেকে দেওয়া এক অডিও বার্তায় শেখ হাসিনা জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডের সাজা সত্ত্বেও ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরবেন।

এদিকে, বিক্ষোভের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত সন্দেহে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ বলে জানা গিয়েছে।

বাংলাদেশের অর্থনীতিতে পোশাকশিল্পের গুরুত্ব অপরিসীম। দেশটির মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই শিল্প থেকে।

জিডিপিতে এই খাতের অবদান প্রায় ১০ শতাংশ।
ফলে দীর্ঘদিন কারখানা বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে অর্ডার হাতছাড়া হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে শ্রমিকদের বেতনবৃদ্ধির দাবি, কারখানা বন্ধ, রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা বাহিনীর ব্যাপক মোতায়েন সবকিছু মিলিয়ে ডিসেম্বরের আগে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss