
আসানসোল: উৎসবের মরশুমে একের পর এক প্রতিকূলতার মুখে বাংলার মৃৎশিল্প।
কোথাও মাটির অভাব, কোথাও ঘনঘন নিম্নচাপ ও বৃষ্টির দাপট, আবার কোথাও দক্ষ কারিগরের সঙ্কট।
তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মূর্তি নির্মাণের উপকরণের দাম। সব মিলিয়ে কালীপুজোর আগে চরম সমস্যায় পড়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা। সেই সমস্যারই ছবি ধরা পড়ল আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত মহিষিলার পালপাড়ায়।
আসানসোলের মহিষিলা পালপাড়া একপ্রকার এই শিল্পাঞ্চলের কুমারটুলি হিসেবেই পরিচিত।
এলাকায় রয়েছে প্রায় ১৫টি মূর্তি নির্মাণের কারখানা। বছরের বিভিন্ন সময়ে দুর্গাপুজো, কালীপুজো-সহ নানা উৎসবকে কেন্দ্র করে এখানে তৈরি হয় অসংখ্য প্রতিমা। কিন্তু এবছর পরিস্থিতি শিল্পীদের কাছে অনেকটাই কঠিন হয়ে উঠেছে।
মাটির জোগান থেকে শুরু করে আবহাওয়ার প্রতিকূলতা, কারিগরের অভাব ও উৎপাদন খরচ বৃদ্ধি সব দিক থেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন কারখানার মালিক ও শিল্পীরা।
শিল্পী গীতা রুদ্র পালের কথায়, প্রতিমা তৈরির জন্য স্থানীয় মাটির পাশাপাশি গঙ্গার মাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশাসনিক বিধিনিষেধের কারণে প্রয়োজন অনুযায়ী গঙ্গার মাটি সংগ্রহ করতে পারছেন না তাঁরা।
ফলে প্রতিমা নির্মাণের কাজেও সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি আগের মতো বাইরে থেকে দক্ষ কারিগরও সহজে পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে, খড়, বাঁশ, রং, বিচুলি-সহ মূর্তি নির্মাণের বিভিন্ন উপকরণের দামও অনেকটাই বেড়েছে। ফলে সমস্ত খরচ সামলে সামান্য লাভের মুখ দেখা কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, শিল্পী ডালিম চন্দ্র দে জানান, দুর্গাপুজোর পর কালীপুজোর প্রতিমা তৈরির জন্য হাতে সময় থাকে খুবই কম। সেই কারণে অন্যান্য বছর দুর্গাপুজোর বেশ কয়েক মাস আগে থেকেই কালীপ্রতিমা তৈরির কাজ এগিয়ে রাখেন তাঁরা। কিন্তু এবছর ঘনঘন নিম্নচাপ ও বৃষ্টির কারণে সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে।
প্রতিকূল আবহাওয়ার জন্য সময়মতো প্রতিমা তৈরির কাজ শুরু করা সম্ভব হয়নি। তার উপর কালীপুজোর ঠিক মুখে আবারও নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ায় নতুন করে সমস্যায় পড়েছেন শিল্পীরা।
শুধু মহিষিলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীদের কাছেও এবছর আবহাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে খোলা জায়গায় প্রতিমা তৈরির কাজ করেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে বৃষ্টি ও আর্দ্রতার কারণে মাটির কাঠামো শুকানো, খড়ের কাজ, মাটির প্রলেপ দেওয়া সহ রং করার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। অনেক জায়গায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরি করে মণ্ডপে পৌঁছে দেওয়া নিয়েও তৈরি হয়েছে দুশ্চিন্তা।
একদিকে উৎসবের চাহিদা মেটানোর চাপ, অন্যদিকে উৎপাদন খরচ বৃদ্ধি ও সময়ের অভাব এই দুইয়ের মাঝে পড়ে আর্থিক অনিশ্চয়তার মুখে শিল্পীরা। বছরের এই কয়েকটি মাসের উপার্জনের উপর নির্ভর করেন বহু মৃৎশিল্পী ও তাঁদের পরিবারের সদস্যরা।
তাই কালীপুজোর মরশুমে কাজের গতি কমে যাওয়া মানে শুধু প্রতিমা নির্মাণে সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের রুজি-রোজগারের প্রশ্নও।
সব মিলিয়ে প্রশ্ন উঠছে, মাটির পর্যাপ্ত জোগান, আবহাওয়ার প্রতিকূলতা মোকাবিলায় উপযুক্ত পরিকাঠামো ও দক্ষ কারিগরের অভাব দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ কবে নেওয়া হবে? উৎসবের আলোয় যখন সেজে উঠবে বাংলা, তখন সেই উৎসবের প্রতিমা গড়ার কারিগরদের জীবনেই যেন অন্ধকার না নেমে আসে, এখন সেটাই বড় প্রত্যাশা।


