
শিলিগুড়ি: মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খালপাড়া ফাঁড়ির পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮৬ গ্রাম ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে খালপাড়া ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে যে, শহরের ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায় ব্রাউন সুগার পাচারের পরিকল্পনা চলছে।
খবর পাওয়ার পরই পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়।
রামঘাট ব্রিজের নিচে এক যুবককে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়।
সেই সময় তাঁর কাছ থেকে ২৮৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে।
এরপরই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম এমডি কেদার। বয়স ২৬ বছর। তিনি শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদক অন্য কারও কাছে বিক্রির উদ্দেশ্যেই নিয়ে এসেছিলেন ধৃত যুবক। তবে পাচারের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই পুলিশের অভিযানে তা বানচাল হয়ে যায়।
এই মাদক কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, কোথা থেকে ওই বিপুল পরিমাণ ব্রাউন সুগার আনা হয়েছিল ও এর পিছনে কোনও বড় পাচারচক্র কাজ করছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।
তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে।
শহরে মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। এখন তদন্তের মাধ্যমে মাদক কারবারের মূল চক্রের হদিস মেলে কি না, সেদিকেই নজর রয়েছে।


